তিরুবনন্তপুরম: জনগণের করের প্রতিটি টাকার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা এবং তা সঠিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য সংসদ ও রাজ্য বিধানসভাগুলির পাবলিক অ্যাকাউন্টস কমিটিগুলিকে (পিএসি) আরও সক্রিয় হওয়ার আহ্বান জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার কেরলের তিরুবনন্তপুরমে সংসদ ও রাজ্য বিধানসভাগুলির পিএসি সভাপতিদের সর্বভারতীয় সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে তিনি এই বার্তা দেন।
গণতন্ত্রের প্রধান ভিত্তি হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, সরকারি ব্যয়ের প্রকৃত মূল্যায়ন কেবল অর্থ বরাদ্দের অঙ্ক দিয়ে নয়, বরং সাধারণ মানুষের জীবনে তা কী পরিবর্তন আনছে—সেই ফলাফলের নিরিখে হওয়া উচিত।
অডিট সংক্রান্ত পুরোনো পর্যবেক্ষণ বছরের পর বছর ঝুলে থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ওম বিড়লা উল্লেখ করেন, দশ, পনেরো বা কুড়ি বছর ধরে কোনো অডিট সংক্রান্ত আপত্তি নিষ্পত্তি না হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। এই দীর্ঘসূত্রতা কাটাতেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে একটি সুনির্দিষ্ট ও সময়োপযোগী কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। পাশাপাশি নজরদারি ব্যবস্থা ও মূল্যায়ন প্রক্রিয়াকে আরও কঠোর করার কথাও বলেন তিনি।
ভারতীয় সংসদীয় রীতির প্রশংসা করে তিনি স্মরণ করিয়ে দেন, পিএসি চেয়ারম্যান পদে বিরোধী দলের কোনো সদস্যকে মনোনীত করার প্রথা দেশের অন্তর্ভুক্তিমূলক ও পরিণত গণতন্ত্রের প্রতিফলন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনস্বার্থ ও সরকারি অর্থের অপচয় রোধে কমিটিগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও পরামর্শ দেন, পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে কেবল খরচের হিসেব বা নথি যাচাই করলেই চলবে না, প্রয়োজনে সদস্যদের সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে কাজের মান ও সময়মতো কাজ শেষ হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে। একইভাবে কল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে বরাদ্দ অর্থের চেয়েও উপভোক্তারা কতটা উপকৃত হচ্ছেন, সেটির ওপর জোর দিতে হবে। অডিট ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে কৃত্রিম মেধা ও উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোকসভার পিএসি সভাপতি কে সি বেণুগোপাল। তিনি ফলাফলমুখী আর্থিক নজরদারির ওপর জোর দেন এবং প্রস্তাব করেন যে, সংসদের প্রতিটি অধিবেশনে অন্তত একটি করে পিএসি প্রতিবেদন ও তার প্রেক্ষিতে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন, কেরল বিধানসভার স্পিকার তিরুভাঞ্চুর রাধাকৃষ্ণন এবং রাজ্য পিএসি চেয়ারম্যান কে এন বালাগোপাল-সহ বিভিন্ন রাজ্যের পিএসি সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ দিন সম্মেলনের একটি স্মারক পুস্তিকাও প্রকাশ করা হয়।









