বাগডোগরা, ৭ নভেম্বর: দীপাবলির আগের দিন পশ্চিমবঙ্গের বাগডোগরা এয়ার ফোর্স স্টেশনে বায়ুসেনার কর্মীদের সঙ্গে কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার তিনি সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ মাত্রার অপারেশনাল প্রস্তুতি বজায় রাখতে বলেন। জোর দিতে বলেছেন পরিস্থিতিগত সচেতনতা, সাইবার সুরক্ষা এবং তথ্যের সততা রক্ষায়, যাতে নতুন নিরাপত্তা-হুমকির মোকাবিলা করা যায়।
রাজনাথের কথায়, নিরাপত্তা-পরিস্থিতি ক্রমশ আরও জটিল হচ্ছে। যুদ্ধ এখন শুধু সীমান্তে প্রচলিত সংঘাতে আটকে নেই, তার মধ্যে ঢুকে পড়েছে অপ্রচলিত যুদ্ধ, প্রক্সি সংঘাত, সাইবার হামলা, ড্রোনের ঝাঁক এবং তথ্যযুদ্ধ। তিনি সতর্ক করেন, প্রতিপক্ষ সরাসরি সংঘর্ষের বদলে দুর্বলতার সুযোগ নিতে চাইছে। এর মধ্যে রয়েছে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের মধ্যে অবিশ্বাস তৈরির চেষ্টা।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “প্রায়ই প্রতিপক্ষ সরাসরি মোকাবিলা এড়িয়ে আমাদের দুর্বলতার সুযোগ নিতে চায়। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সে স্থানীয় মানুষ ও আমাদের সৈনিকদের মনে সংশয় ঢোকানোর চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতিতে আপনাদের ভূমিকা সাধারণ সৈনিকের চেয়েও বড়।”
বাগডোগরাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গা এবং বিশেষত উত্তর-পূর্বের জন্য দেশের নিরাপত্তা-কাঠামোর অপরিহার্য অংশ বলে বর্ণনা করেন রাজনাথ। সেখানে মোতায়েন প্রতিরক্ষাকর্মীদের সাহস ও নিষ্ঠার প্রশংসাও করেন তিনি। তাঁর মতে, ওখানে থাকা বায়ুযোদ্ধারা পূর্বাঞ্চলের নিরাপত্তার শক্ত ঢাল, আর তাঁদের অপারেশনাল প্রস্তুতি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে জরুরি।
প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও শৃঙ্খলা ও সাহস অপরিহার্য, বলেন রাজনাথ। তাঁর কথায়, সেনাকর্মীদের আচরণ, চালচলন, ভাষা ও সংযম স্থানীয় সম্প্রদায়ের কাছে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি তৈরি করে। বাগডোগরা ও আশপাশের মানুষের সঙ্গে সংযোগ আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি জনবিশ্বাস ও শুভেচ্ছা বজায় রাখার গুরুত্বের কথা বলেন। “স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে আপনারা যত বেশি যুক্ত হবেন, প্রতিপক্ষের চক্রান্ত তত দুর্বল হবে,” বলেন তিনি।
আত্মনির্ভর ভারত অর্জনে সরকারের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করে রাজনাথ জানান, ড্রোন, ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা ও উন্নত সামরিক সরঞ্জাম তৈরিতে ভারতীয় স্টার্টআপ ও শিল্পসংস্থার ভূমিকা বাড়ছে। দেশীয় প্রযুক্তি গ্রহণ এবং ড্রোন পরিচালনা ও সাইবার নিরাপত্তায় নতুন দক্ষতা অর্জনের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন তিনি। ভবিষ্যতের নিরাপত্তা-চ্যালেঞ্জ সামলাতে সেনাবাহিনীকে ক্রমশ প্রযুক্তিনির্ভর করে তোলার প্রয়োজনের কথাও বলেন।
অগ্নিবীরদের জন্য ‘সেকেন্ড ট্যুর অফ ডিউটি’-র মন্ত্রিসভার অনুমোদনের উল্লেখ করে রাজনাথ বলেন, এই সিদ্ধান্তে তাঁরা দেশসেবার আরও একটি সুযোগ পাবেন। দু’বছরের নিয়োগ-পর্ব শেষে ইচ্ছা ও নির্ধারিত বাছাই-মানদণ্ড পূরণ সাপেক্ষে সব অগ্নিবীরের নিয়মিত সৈনিক হিসেবে নথিভুক্ত হওয়ার সুযোগ থাকবে। অগ্নিবীরদের জন্য এই সিদ্ধান্তকে তিনি দীপাবলির উল্লেখযোগ্য উপহার বলে বর্ণনা করেন এবং প্রতিরক্ষাকর্মী ও তাঁদের পরিবারের কল্যাণে সরকারের অঙ্গীকার ফের জানান।
বায়ুযোদ্ধা ও তাঁদের পরিবারকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন প্রতিরক্ষামন্ত্রী। উৎসবের সময় পরিবার থেকে দূরে থেকে দেশ পাহারা দেওয়া কর্মীদের ত্যাগের কথা স্বীকার করেন তিনি। পরিবারগুলির সহায়তা ও ত্যাগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাজনাথ আশ্বাস দেন, দেশ তাঁদের পাশে থাকবে এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনাপ্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত, বাগডোগরা এয়ার ফোর্স স্টেশনের এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমোডর মণীশ শর্মা এবং বায়ুসেনার অন্য ঊর্ধ্বতন আধিকারিকেরা।









