নয়াদিল্লি, ৭ নভেম্বর: দেশে ই২০ পেট্রল চালু নিয়ে মোদী সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কর্নাটক সরকারের সংগ্রহ করা নমুনার পরীক্ষার ফলের উল্লেখ করে শনিবার তিনি কেন্দ্রকে বলেন, দেশজুড়ে বিক্রি হওয়া জ্বালানিতে আসলে কতটা ইথানল রয়েছে, তা স্পষ্ট জানাতে হবে।
হিন্দিতে এক্স-এ পোস্ট করে রাহুল লিখেছেন, “ই২০ হয়ে গেল ৪২০, জনতার গাড়ি থেকে পেট্রল চুরি!” ‘সাবেক ইন্ডিয়ান পেনাল কোড’-এর ৪২০ ধারার ইঙ্গিত দিয়েছেন তিনি, যা প্রতারণা-সংক্রান্ত।
রাহুলের দাবি, সরকার বলছে পেট্রলে ২০ শতাংশ ইথানল রয়েছে, কিন্তু কর্নাটকের সাতটি জেলা থেকে সংগ্রহ করা নমুনার পরীক্ষায় আরও বেশি মাত্রা মিলেছে। রাহুলের কথায়, “কর্নাটক সরকার ৭টি জেলা থেকে পেট্রলের নমুনা সংগ্রহ করে স্বীকৃত গবেষণাগারে পরীক্ষা করিয়েছে। ফল দেখুন, ১৪টি নমুনার মধ্যে ১১টিতে ২০ শতাংশের বেশি ইথানল, আইওসিএল-এ ৩১.২ শতাংশ, এইচপিসিএল-এ ৩০.৫ শতাংশ। আইওসিএল, এইচপিসিএল, বিপিসিএল, নায়ারা, শেল, সরকারি হোক বা বেসরকারি, সব সংস্থাই সীমা ছাড়িয়েছে।” তাঁর আরও অভিযোগ, সংস্থাগুলির নিজস্ব গবেষণাগার ইথানলের মাত্রা জানায়নি।
রাহুলের দাবি, অতিরিক্ত ইথানল মেশালে গাড়ির কর্মক্ষমতা প্রভাবিত হতে পারে, মাইলেজ কমে এবং রক্ষণাবেক্ষণের খরচ বাড়ে। পেট্রল পাম্পে পেট্রলে ইথানলের পরিমাণ জানিয়ে কোনও লেবেল না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাহুল বলেন, “মোদীজি, বলুন, দেশের ট্যাঙ্কে কী ঢালা হচ্ছে? পেট্রলে আসলে কতটা ইথানল? ২০ শতাংশের বেশি ইথানল মেশানো সংস্থাগুলির বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা বিতর্কের চ্যালেঞ্জও ফের জানিয়েছেন রাহুল। তাঁর বক্তব্য, ইথানল মেশানোর বিষয়টি সেই আলোচনায় রাখা যেতে পারে।









