ঝাড়গ্রাম, ১৬ নভেম্বর: আইনি পরিষেবা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল, মঙ্গলবার গোপীবল্লভপুর-১ ব্লকের চাতিনাশোল গ্রামে একটি বিশেষ আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং ভারত জাকাত মাঝি পরগনা মহলের সহযোগিতায় দুপুর একটা থেকে এই শিবির শুরু হবে। রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশ মেনে এবং আদিবাসী সামাজিক সংগঠনের প্রস্তাবের ভিত্তিতে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব রিহা ত্রিবেদী এক চিঠিতে ভারত জাকাত মাঝি পরগনা মহলের প্রতিনিধি ধাঙা হাঁসদাকে এই শিবিরের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই চিঠিতে জানানো হয়েছে, এই সচেতনতা শিবিরে মূলত প্রান্তিক ও আদিবাসী মানুষদের ন্যায়বিচার পাওয়ার অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের ‘সংবাদ’ প্রকল্প এবং ‘আশা’ সংক্রান্ত আদর্শ কার্যবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
পাশাপাশি পণপ্রথা নিষিদ্ধকরণ আইন, ১৯৬১ এবং সাধারণ মানুষের স্বার্থে চালু থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ আইনি সংস্থান ও সরকারি জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কেও গ্রামবাসীদের সচেতন করা হবে। প্রান্তিক এলাকার মানুষের মধ্যে আইনি সচেতনতা ছড়িয়ে দিতে এবং মঙ্গলবারের এই শিবিরকে সফল করে তুলতে আদিবাসী সংগঠনের সক্রিয় অংশগ্রহণ ও পূর্ণ সহযোগিতার আবেদন জানিয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।









