নয়াদিল্লি, ২০ নভেম্বর: মুরগির খামারে বার্ড ফ্লু-র হানা ঠেকাতে এ বার ঘরের তৈরি অস্ত্র। শুক্রবার ভোপালে দেশের প্রথম এইচ৫এন১ টিকা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। পোলট্রি শিল্পের জন্য এই টিকা তৈরি করেছে ভোপালের উচ্চ নিরাপত্তা পশুরোগ গবেষণা প্রতিষ্ঠান (এনআইএইচএসএডি), যা ভারতীয় কৃষি গবেষণা পরিষদের অধীন। এটি ইনঅ্যাক্টিভেটেড টিকা, অর্থাৎ ভাইরাসকে ল্যাবে নিষ্ক্রিয় করে তৈরি, ফলে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা থাকে না, অথচ শরীর তাকে চিনে নিতে পারে।
আধিকারিকদের দাবি, পোলট্রি ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণের লড়াইয়ে এটি বড় পদক্ষেপ। বার্ড ফ্লু হানা দিলে সাধারণত একটি খামারের সব মুরগিরই মৃত্যু হয়। তার পর শুরু হয় পাইকারি হারে পাখি নিধন, বাণিজ্যে নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বাজারে ব্যাঘাত, ডিম-মাংসের দামে চড়া ভাব আর চাষিদের লোকসান।
২০০৬ সালে দেশে প্রথম সংক্রমণের খবর মেলার পর এখনও পর্যন্ত এইচ৫এন১ ও এইচ৫এন৮ ধরনে পাঁচশোরও বেশি প্রকোপ নথিভুক্ত হয়েছে। সরকারি হিসেবে, বড় আকারের প্রকোপ হলে দেশের জিডিপি বৃদ্ধির হার দেড় শতাংশ কমে যেতে পারে, ঝুঁকিতে পড়তে পারে দেশের কুড়ি শতাংশের বেশি পোলট্রি। ২০০৬ সালের প্রকোপে প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি হয়েছিল আনুমানিক ২২০০ থেকে ৩০০০ কোটি টাকা। মণিপুরের একটি পৃথক প্রকোপে রাজ্যের জিডিপির আধ শতাংশের সমান ক্ষতি হয়েছে।
ঝুঁকি শুধু খামারেই আটকে নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, ২০০৩ সাল থেকে ভারত-সহ পঁচিশটি দেশে মানুষের মধ্যে এইচ৫এন১ সংক্রমণের ১০০৩টি ঘটনা ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৪৭৯ জনের। ভাইরাসবিদ্যার গবেষণা বলছে, মুরগির মধ্যে বেশির ভাগ প্রকোপের জন্য দায়ী এইচ৫এন১-এর ক্লেড ২.৩.২.১এ ধরন। সম্প্রতি স্তন্যপায়ী প্রাণীর শরীরেও সংক্রমণ মিলেছে, মানুষের ক্ষেত্রে তিনটি ঘটনার খবর রয়েছে।
এত দিন এই ধরনের বিরুদ্ধে পোলট্রির জন্য কোনও নির্দিষ্ট বাণিজ্যিক টিকা ছিল না। আধিকারিকদের আশা, নতুন টিকা চালু ধরন থেকে পাখিদের সুরক্ষা দেবে, চাষিদের ক্ষতি কমাবে এবং মুরগি থেকে অন্য প্রাণী ও মানুষের শরীরে ভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কাও ঠেকাবে।









