ঝাড়গ্রাম: পশ্চিমবঙ্গে মাসিক প্রতিবন্ধী ভাতা ৫,০০০ টাকা করার পাশাপাশি অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিটি জেলায় সরকারি সহায়তাপ্রাপ্ত মাল্টিডিসিপ্লিনারি থেরাপি কেন্দ্র গড়ে তোলার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির কাছে স্মারকলিপি প্রেরণ করল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। সোমবার ঝাড়গ্রামের জেলা শাসকের মাধ্যমে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকার সম্প্রতি মাসিক প্রতিবন্ধী ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করায় তারা স্বাগত জানালেও বর্তমান জীবনযাত্রার ব্যয় ও বিশেষায়িত চিকিৎসার খরচের তুলনায় এই অর্থ যথেষ্ট নয়। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এডিএইচডি, সেরিব্রাল পলসি-সহ বিভিন্ন স্নায়বিক বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের নিয়মিত স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি ও অন্যান্য পরিষেবার জন্য পরিবারগুলিকে প্রতি মাসে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে জঙ্গলমহল ও অন্যান্য প্রত্যন্ত এলাকার পরিবারগুলির দুর্ভোগের কথা তুলে ধরে সংগঠনটি জানায়, জেলার বাইরে বিশেষায়িত থেরাপি কেন্দ্রের অভাবে বহু পরিবারকে চিকিৎসার জন্য কলকাতায় যেতে হয়। ফলে আর্থিক চাপের পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও পুনর্বাসনও বিলম্বিত হচ্ছে। স্মারকলিপিতে জঙ্গলমহল স্বরাজ মোর্চা পাঁচ দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে— পর্যায়ক্রমে প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ন্যূনতম ৫,০০০ টাকা করা, প্রতিটি জেলায় সরকারি সহায়তাপ্রাপ্ত মাল্টিডিসিপ্লিনারি থেরাপি কেন্দ্র স্থাপন, জেলা হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজে অটিজম, এডিএইচডি, সেরিব্রাল পলসি-সহ নিউরোডেভেলপমেন্টাল কন্ডিশনের জন্য বিশেষায়িত পরিষেবা চালু বা শক্তিশালী করা, জেলাস্তরে অটিজম সচেতনতা ও সহায়তা কেন্দ্র গঠন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য থেরাপি, স্পেশাল এডুকেশন, সহায়ক সরঞ্জাম ও পুনর্বাসন পরিষেবায় সরকারি ভর্তুকির ব্যবস্থা করা।
জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো বলেন, “ভারতের সংবিধান প্রতিটি নাগরিকের জন্য সামাজিক ন্যায়বিচার ও মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা দিয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেই অধিকার নিশ্চিত করতে কার্যকর ও সহজলভ্য পরিষেবা গড়ে তোলা জরুরি। আমরা আশা করি রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দাবিগুলি বিবেচনা করবে।”
সংগঠনের দাবি, এই প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের হাজার হাজার প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। তাই বিষয়টি দ্রুত বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।









