ঘাটাল মাস্টার প্ল্যানের আসল চাবিকাঠি লুকিয়ে ঝাড়গ্রামের রুক্ষ মাটিতে: উচ্চ অববাহিকার নদী পরিকল্পনার দাওয়াই প্রবীণ ডাক্তারবাবুর

শরীরের মধ্যে কোনটা দিয়ে কীভাবে জলসংবহণ তাঁর নখদর্পণে। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের মানগোবিন্দপুরের বিলেতফেরত আশীতপর ইউরোলজিস্ট ডঃ কেপি প্রধান শুধু শরীর নয়, তাঁর জন্মস্থান ঝাড়গ্রাম জেলাটাকেও চেনেন হাতের তালুর মত। তাঁর মতে, দশকের পর দশক ধরে চলা ঘাটালের বিধ্বংসী বন্যার স্থায়ী সমাধানের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে যে মেগা মাস্টার প্ল্যানের কাজ চলছে, তার সাফল্য এককভাবে কেবল নিম্ন অববাহিকার নদীগুলোর পলি তোলা বা ড্রেজিং এবং বাঁধ নির্মাণের ওপর নির্ভরশীল নয়। ডাক্তারবাবুর ভূ-তাত্ত্বিক এবং নদীবিজ্ঞানের বিশ্লেষণে উঠে আসছে এক অভাবনীয় তথ্য, যা প্রমাণ করে যে এই বিপুল কর্মযজ্ঞের দীর্ঘমেয়াদী স্থায়িত্বের শিকড় লুকিয়ে রয়েছে প্রায় একশো কিলোমিটার দূরে, ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার রুক্ষ, কাঁকুরে মাটিতে। জঙ্গলমহলের উচ্চ অববাহিকায় ক্ষুদ্র জলবিভাজিকা বা মাইক্রো-ওয়াটারশেডগুলোর সুসংহত ব্যবস্থাপনা এবং নদী সংরক্ষণ পরিকল্পনা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যানের কোটি কোটি টাকার ড্রেজিং প্রকল্প কয়েক বছরের মধ্যেই জলে যেতে বাধ্য। আপাতত দুটি পৃথক ভৌগোলিক ও প্রশাসনিক উদ্যোগ মনে হলেও, বৈজ্ঞানিক নিরিখে পশ্চিম মেদিনীপুরের বন্যা নিয়ন্ত্রণ এবং ঝাড়গ্রামের খরা মোকাবিলা বস্তুত একটি অখণ্ড জলতাত্ত্বিক মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মনে করেন ডঃ প্রধান।

তাঁর দৃষ্টিকোণ থেকে, ঘাটালের বন্যার মূল কারণ কেবল অতিবৃষ্টি নয়, বরং উচ্চ অববাহিকা থেকে ধেয়ে আসা বিপুল পরিমাণ পলি এবং জলের আকস্মিক ঢল। ঝাড়গ্রাম অঞ্চলের ভূখণ্ড ল্যাটেরাইট বা কাঁকুরে মাটি দ্বারা গঠিত হওয়ায় এবং ঢালু ভূমির কারণে সেখানে জলধারণ ক্ষমতা অত্যন্ত কম। বৃষ্টির জল দ্রুত পৃষ্ঠপ্রবাহ বা সারফেস রানঅফ হিসেবে গড়িয়ে নদীতে গিয়ে মেশে। একইসঙ্গে প্রবল ভূমিক্ষয়ের কারণে এই ল্যাটেরাইট মাটির সূক্ষ্ম খনিজ, মূলত কাওলিনাইট এবং ইলাইট, বন্যার জলের সাথে বাহিত হয়ে রূপনারায়ণের মোহনায় এবং শিলাবতী নদীর নিম্ন প্রবাহে জমা হয়। উপগ্রহ চিত্রের বিশ্লেষণে দেখা গেছে, ওই উচ্চ অববাহিকায় বার্ষিক ভূমিক্ষয়ের মাত্রা হেক্টর প্রতি দশ টনেরও বেশি। এই বিপুল পরিমাণ পলি যদি উৎসমুখেই না আটকানো যায়, তবে ঘাটাল অঞ্চলে নদীগর্ভ ড্রেজিং করে গভীর করার উদ্যোগ সম্পূর্ণ ব্যর্থ হবে, কারণ মাত্র কয়েক বছরের মধ্যেই সেই অংশ পুনরায় পলিতে ভরে যাবে। ডাক্তারবাবুর কথায়, ঝাড়গ্রামের বিভিন্ন খাল এবং ডুলুং নদীর সংস্কার ঘাটালের রক্ষাকবচ হয়ে দাঁড়াতে পারে। রেন ওয়াটার হারভেস্টিং যা বৃষ্টির জলকে ধরে রাখে তৎক্ষণাৎ নদীতে মিশতে দেয় না। এর ফলে বন্যার সর্বোচ্চ জলপ্রবাহের তীব্রতা অনেকাংশে প্রশমিত করা যায় এবং সেই জল ঘাটাল পর্যন্ত পৌঁছাতে অনেকটাই বেশি সময় নেয়। এই বিলম্বিত প্রবাহ নিম্ন অববাহিকার নদীগুলোকে জোয়ার-ভাটার চক্রের সাথে সামঞ্জস্য রেখে, মোহনায় জল আটকে থাকার পরিস্থিতি বা টাইডাল লকেজ এড়িয়ে সমুদ্রে জল নিকাশ করার এক অমূল্য সুযোগ এনে দেয়। এছাড়া শুখা মরশুমে যখন শিলাবতী বা কংসাবতীর প্রবাহ শূন্যে নেমে যাওয়ার উপক্রম হয়, তখন ঝাড়গ্রামের এই ক্ষুদ্র জলবিভাজিকাগুলো থেকে চুঁইয়ে আসা ভূগর্ভস্থ জলই নদীর মূল প্রবাহ বা বেস ফ্লো বজায় রাখে, যা নদীর বাস্তুতন্ত্র ও নাব্যতা রক্ষার জন্য অপরিহার্য। পাশাপাশি ভূমিক্ষয় রোধ করতে স্ট্যাগার্ড ট্রেঞ্চ, কন্টুর বান্ডিং এবং ব্যাপক বনায়নের মতো আধুনিক মৃত্তিকা সংরক্ষণের কৌশলগুলো জঙ্গলমহলের বুকে জলের অনুপ্রবেশ বাড়িয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারে। প্রবীণ এই বিশেষজ্ঞের মতে, কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্পের মাধ্যমে কুসমি মুরলিঝোরা, ডাইনমারির মত খালগুলিকে সংস্কার করতে হবে। প্রয়োজন অনুযায়ী চেক ড্যাম গড়ে বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে। ডুলুং, কেলেঘাই, সুবর্ণরেখার মধ্যে আন্তঃনদী সংযোগে জোর দেন তিনি। তাঁর কথায়, এর জন্য জমি অধিগ্রহণ করতে হবে না। পাইপ লাইনের মাধ্যমে অধুনিক প্রযুক্তি.য় দিয়ে সংযোগ সম্ভব।

তবে এই সামগ্রিক পরিকল্পনার পথে বেশ কিছু কাঁটাও রয়েছে, যা নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শিলাবতী অববাহিকায় বৃষ্টিপাতের ধরনে মারাত্মক বদল এসেছে। পরিসংখ্যান বলছে, বর্তমানে মোট বৃষ্টিপাতের প্রায় সাতানব্বই শতাংশই ঘটছে মেঘভাঙা অতিবৃষ্টির আকারে। এই বিপুল পরিমাণ জলের আকস্মিক চাপ সহ্য করার ক্ষমতা ছোট চেক ড্যামগুলোর নেই, ফলে চরম আবহাওয়ায় সেগুলো ভেঙে গেলে ঘাটালের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এছাড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরের মধ্যে প্রশাসনিক সীমানার বিভাজন একটি অখণ্ড নদী অববাহিকা পরিচালনার ক্ষেত্রে বড় অন্তরায়। নদীর খাত জবরদখল এবং ড্যামগুলোর তলদেশে জমে থাকা পলি নিয়মিত পরিষ্কার না করার ফলেও এই ব্যবস্থা দুর্বল হচ্ছে। এই পরিস্থিতিতে ডঃ কেপি প্রধানের মত বিশ্লেষকদের অভিমত হলো, ঘাটাল মাস্টার প্ল্যানকে যদি প্রকৃত অর্থেই সফল করতে হয়, তবে কেবল পলি তোলার মতো উপসর্গের চিকিৎসায় আটকে থাকলে চলবে না। সমগ্র কংসাবতী-শিলাবতী-রূপনারায়ণ অববাহিকাকে একটি একক সত্তা হিসেবে বিবেচনা করে, ঝাড়গ্রামের জলবিভাজিকা প্রকল্পগুলোকে ঘাটাল মাস্টার প্ল্যানের এক অবিচ্ছেদ্য পরোক্ষ অংশ হিসেবে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে। তবেই হয়তো কয়েক দশকের বন্যার অভিশাপ থেকে স্থায়ী মুক্তি পাবে দক্ষিণবঙ্গের এই বিস্তীর্ণ জনপদ।

Leave a Comment

আরও পড়ুন