ঝাড়গ্রামের উন্নয়নে অশীতিপর চিকিৎসকের ভাবনা: সম্ভাবনা ও বাস্তবের রূপরেখা,কলমে – ড: কেপি প্রধান

কলমে – ড: কেপি প্রধান ,

আমি একজন ইউরোলজিক্যাল সার্জন। আমার জন্ম ১৯৪৫ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার সাঁকরাইল ব্লকের মানগোবিন্দপুর গ্রামে। আমার জ্ঞান হওয়া থেকে বর্তমান পর্যন্ত আমি ঝাড়গ্রাম জেলার দারিদ্র্য থেকে এখনকার উন্নতি দেখার সাক্ষী। আজ পর্যন্ত উন্নতির শুধুমাত্র দুটি জিনিস আমার চোখে পড়েছে। সেগুলো হলো— রাস্তাঘাটের উন্নতি ও সবার জন্য একবেলার খাদ্যের ব্যবস্থা। কিন্তু বেশিরভাগ লোকের বিশেষ কোনও আর্থিক উন্নতি হয়নি, তাঁরা এখনও সেই বিপিএল-এর দলেই রয়ে গেছেন। ঝাড়গ্রামের ৫০ শতাংশ মানুষ আদিবাসী। এই জনবিন্যাস ও আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে এখানকার জনগণের সার্বিক উন্নতি করতে আমার কিছু প্রস্তাব প্রকাশ করলাম।

ঝাড়গ্রামের ভূমি কংসাবতী ও সুবর্ণরেখা— এই দুটি নদী দ্বারা তিনটি ভূখণ্ডে বিভক্ত। কংসাবতীর উত্তরে বেশিরভাগ মাটি ল্যাটেরাইট এবং জঙ্গল। মাঝখানের জায়গা চাষযোগ্য জমি আর সুবর্ণরেখার দক্ষিণে জঙ্গল। তবে এখানকার বেশিরভাগ জমিই কৃষি উপযোগী। ঝাড়গ্রামের মূল সম্পদ হচ্ছে মানব, ভূমি, অরণ্য, পশু ও পাখি এবং দুটো নদীর বালি, নুড়ি, জল ও লাল ল্যাটেরাইট মোরাম মাটি।

এই সম্পদগুলিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে ঝাড়গ্রাম জেলার মানুষের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হবে।

মানবসম্পদ ও স্বাস্থ্য: এর মান বাড়াতে হলে প্রথমেই দরকার পুষ্টি, স্বাস্থ্য, বাসস্থান, পরিশ্রুত জল সরবরাহ, বিশুদ্ধ পরিবেশ এবং শিক্ষা। স্বাস্থ্যের জন্য বুনিয়াদি স্বাস্থ্যকেন্দ্রগুলি ছাড়া মহকুমা, জেলা, মেডিক্যাল কলেজ ও তিনটি সুপার স্পেশালিটি হাসপাতালে আধুনিক ও উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে।

কর্মমুখী শিক্ষা: এমন শিক্ষার ব্যবস্থা করতে হবে যাতে সবাই স্বাবলম্বী হতে পারে। বিভিন্ন বিষয়ে, বিশেষত কৃষি, পশুপালন, পোল্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিপণনের জন্য দক্ষ কারিগর প্রশিক্ষণের উপর জোর দিতে হবে। এর জন্য কৃষি মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় এবং প্রয়োজনীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। বিধানবাবুর প্রতিষ্ঠিত কৃষি মহাবিদ্যালয়টি পুনর্জীবিত করতে হবে। তাহলে চাষির ছেলেমেয়েরা চাকরীমুখী না হয়ে চাষমুখী হবে এবং তাদের পরিযায়ী শ্রমিক হতে হবে না।

কৃষি ও জলসম্পদ ব্যবস্থাপনা: কৃষিতে সবসময় সেচের জল ধরে রাখার জন্য নদী ও খালগুলির সংস্কার করে ৩-৪ কিলোমিটার অন্তর চেক বাঁধ দিয়ে জল ধরে রাখতে হবে। সেখান থেকে চাষিরা চাষের জল তুলতে পারবে এবং বারোমাস মাছ ধরে খেতে পারবে। ধেড়ুয়ার কাছে কংসাবতীতে অ্যানিকাট বাঁধের মতো বাঁধ দিয়ে যদি একটি খাল কেটে ডুলুং নদীর সাথে জুড়ে দেওয়া যায়, তাহলে ডুলুং নদীর নাব্যতা বাড়বে। এর সাথে সাথে জল বিভাজন করে ঘাটাল মাস্টার প্ল্যানেও অনেক সাহায্য করা যাবে।

অরণ্য সংরক্ষণ: ঝাড়গ্রামের বেদখল অরণ্যভূমি উদ্ধার করে অরণ্যের পরিমাণ বাড়াতে হবে, যাতে হাতিরা খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে না আসে।

হিমঘর ও কিষাণ মান্ডি: প্রতি ব্লকে মাল্টিপারপাস হিমঘর গড়তে হবে, যাতে চাষি তাঁর আনাজ বেশি দামে বিক্রির জন্য সুরক্ষিত রাখতে পারেন। পাশাপাশি চাষিদের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতি ব্লকে কিষাণ মান্ডির মাধ্যমে পাইকারি বাজার খুলতে হবে।

শিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণ: খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের কারখানা প্রতি ব্লকে স্থাপন করে দেশে বিপণনের ব্যবস্থা করতে হবে। কাজু ও মহুয়ার চাষ বাড়িয়ে বাদাম এবং মহুয়া ফুল ও কাজুর ফল থেকে মদ তৈরির ডিস্টিলারি স্থাপন করলে সরকারের কোষাগারে অর্থ আসবে।

মাংস প্রক্রিয়াকরণ: খাসির মাংস প্রক্রিয়াকরণ করার জন্য কারখানা গড়লে বিদেশেও মাংস রপ্তানি করা যাবে।

পর্যটন শিল্প: ঝাড়গ্রামের পর্যটন শিল্প বিকাশের একটি বিরাট ভবিষ্যৎ আছে। বর্তমানে জঙ্গলমহলের পুরুলিয়ায় পর্যটন শিল্পের প্রভূত বিকাশ হয়েছে। শুধু ঝাড়গ্রাম শহর ও বেলপাহাড়ী ছাড়া পর্যটনের তেমন কোনও ব্যবস্থা নেই। নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও সাঁকরাইল ব্লকের মধ্যে শুধু আমি নিজের অর্থ ব্যয় ও উদ্যোগে মানগোবিন্দপুর গ্রামে সরকার অনুমোদিত হোমস্টে এবং চার তারকার সুবিধা সমৃদ্ধ ইকো ভিলেজ রিসোর্ট স্থাপন করেছি।

প্রাকৃতিক সম্পদ রক্ষা: বালি ও মোরাম চুরি ঠেকানোর জন্য খাদানে ঢোকার মুখে কম্পিউটারাইজড ওজন যন্ত্র বসাতে হবে। ঢোকা ও বেরোনোর সময়, গাড়ির ওজন এবং গাড়ির নম্বর রেকর্ড থাকবে। এতে চুরি ঠেকানো যাবে। এটি বিএলআরও অফিসের সাথে লিঙ্ক করা থাকবে, যাতে তিনি নিজের অফিস থেকেই নজরদারি চালাতে পারেন।

এই পদক্ষেপগুলি যদি ঠিকমতো প্রয়োগ করা যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ঝাড়গ্রাম জেলাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ জেলায় রূপান্তরিত করা সম্ভব হবে।

Leave a Comment

আরও পড়ুন