বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের আকাশছোঁয়া ভিউয়ারশিপকে পুঁজি করতে আমেরিকার সম্প্রচার বাজারে এক বিশাল আর্থিক লড়াইয়ের আবহ তৈরি হচ্ছে। ২০৩০ এবং ২০৩৪ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপের মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রচার স্বত্ব পেতে বর্তমান স্বত্বাধিকারী ‘ফক্স’-কে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছে নেটফ্লিক্স, ডিজনি এবং অ্যালফাবেটের ইউটিউব। এই বিষয়ে অবগত ব্যক্তিদের সূত্র ধরে জানা গেছে, এই দুটি টুর্নামেন্টের প্রতিটির জন্য মিডিয়া সংস্থাগুলি প্রায় ১.৫ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল বাজেট নির্ধারণ করছে।
ফিফা ইতিমধ্যেই প্রাথমিক আলোচনায় মিডিয়া সংস্থাগুলিকে স্পষ্ট করে দিয়েছে যে, এবার আমেরিকার বাজারে ইংরেজি এবং স্প্যানিশ— দুই ভাষার সম্প্রচার স্বত্ব আলাদাভাবে বিক্রি না করে একটি একক প্যাকেজ হিসেবে বিক্রি করা হতে পারে। আর এই সিদ্ধান্তের ফলেই দরপত্র বা বিডিংয়ের লড়াই আরও তীব্র রূপ নিতে চলেছে। আগামী তিন মাসের মধ্যেই সম্ভাব্য মিডিয়া পার্টনারদের সাথে ফিফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই দৌড়ে ওটিটি জায়ান্ট আমাজন এবং অ্যাপল-ও যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে চলতি ২০২৬ বিশ্বকাপের জন্য ফক্স ইংরেজি ভাষার স্বত্বের জন্য ৪৮৫ মিলিয়ন ডলার এবং এনবিসিইউনিভার্সালের টেলিমুন্ডো স্প্যানিশ ভাষার স্বত্বের জন্য ৬০০ মিলিয়ন ডলার দিয়েছিল। কিন্তু এবার দুই ভাষার স্বত্ব একসাথে বিক্রি হলে টেলিমুন্ডো বা এনবিসিইউনিভার্সাল ২ বিলিয়ন ডলারের এই বিশাল প্রতিযোগিতার দৌড় থেকে পিছিয়ে যেতে পারে। নেটফ্লিক্স, ডিজনি এবং ইউটিউব প্রত্যেকেই বিশ্বকাপকে তাদের স্ট্রিমিং পরিষেবার গ্রাহক বাড়ানোর প্রধান হাতিয়ার হিসেবে দেখছে। ইতিমধ্যেই ২০২৭ ও ২০৩১ সালের মহিলা বিশ্বকাপের স্বত্ব নেটফ্লিক্সকে দিয়ে তাদের প্রতি আলাদা আগ্রহ দেখিয়েছে ফিফা।
যদিও ২০৩০ (মরক্কো, পর্তুগাল ও স্পেন) এবং ২০৩৪ (সৌদি আরব) সালের বিশ্বকাপের ম্যাচগুলির সময় মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম জোনের সাথে মিলবে না, তবুও ভিউয়ারশিপের রেকর্ড গ্রাফ দেখে লগ্নিকারীরা পিছপা হচ্ছেন না। চলতি বিশ্বকাপে আমেরিকা বনাম বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচটি ইংরেজিতে রেকর্ড ২৬ মিলিয়ন এবং স্প্যানিশে ৯.৮ মিলিয়ন মানুষ দেখেছেন। এমনকি আমেরিকা বনাম বেলজিয়ামের ম্যাচেও সম্মিলিত ভিউয়ারশিপ প্রায় ৪৭.৯ মিলিয়নে পৌঁছেছে বলে অ্যাডইমপ্যাক্ট-এর রিপোর্টে অনুমান করা হয়েছে। আমেরিকার বাইরের দলগুলির ম্যাচও (যেমন পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া) রেকর্ড ১১ মিলিয়ন দর্শক টেনেছে। এই বিপুল ভিউয়ারশিপ এবং বিজ্ঞাপনের বাজারের কথা মাথায় রেখেই আগামী বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে আমেরিকার কর্পোরেট মহলে এই মেগা লড়াই এখন সময়ের অপেক্ষা।









