সংগঠনে শান দিতে ঝাড়গ্রামে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’, কর্মীদের পাঠ দিলেন জেলা সভাপতি

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলীয় কর্মীদের মতাদর্শগত দিশা দেখাতে জঙ্গলমহলে আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির। ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’-এর অঙ্গ হিসেবে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার অন্তর্গত ঝাড়গ্রাম বিধানসভার ১ নম্বর মণ্ডলের উদ্যোগে সম্প্রতি এই কর্মসূচির আয়োজন করা হয়।
​স্থানীয় মানিকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই মণ্ডল প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি তুফান মাহাতো। তাঁর পাশাপাশি দলের অন্যান্য স্থানীয় নেতা ও নেত্রীরাও এই শিবিরে অংশ নেন। রাজনৈতিক মহলের মতে, আগামী দিনের যেকোনো রাজনৈতিক লড়াইয়ের আগে জঙ্গলমহলে নিচুতলার কর্মীদের আরও বেশি সক্রিয়, সচেতন ও সুসংগঠিত করে তুলতেই এই জাতীয় নিবিড় প্রশিক্ষণ শিবিরের ওপর জোর দিচ্ছে গেরুয়া শিবির। দলের আদর্শকে একেবারে বুথস্তরে পৌঁছে দেওয়াই এই মহা অভিযানের মূল লক্ষ্য।

Leave a Comment

আরও পড়ুন