সুনীপম মহাকুল, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের গ্রামীণ অর্থনীতির অন্যতম মূল ভিত্তি হলো শালপাতা শিল্প। একসময় বিয়েবাড়ি বা যেকোনো অনুষ্ঠানে শালপাতার কদর থাকলেও, বর্তমানে প্লাস্টিক ও থার্মোকলের দাপটে এই শিল্প ধুঁকছে। অথচ, বৈজ্ঞানিক ও আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে শালপাতায় খাওয়ার উপকারিতা অপরিসীম। সরকারি স্তরে এই শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য একসময় একাধিক প্রকল্পের ঘোষণা হলেও, বর্তমানে সেই কাজগুলিতে চূড়ান্ত স্থবিরতা দেখা দিয়েছে। এই হতাশার মাঝেই অবশ্য ঝাড়গ্রামের আরবিএম সরকারি স্কুল এক নতুন আশার আলো দেখাচ্ছে। ছাত্রীদের বোঝানো হচ্ছে প্রয়োজনীয়তা।
শালপাতায় খাওয়ার স্বাস্থ্যগুণ ও উপকারিতা
প্লাস্টিক বা থার্মোকলের প্লেটে গরম খাবার খেলে তা থেকে বিষাক্ত রাসায়নিক শরীরে প্রবেশ করে, যা ক্যানসারের মতো মারণরোগের ঝুঁকি বাড়ায়। এর বিপরীতে শালপাতায় খাওয়ার একাধিক বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে:
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: শালপাতায় প্রচুর পরিমাণে পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। গরম খাবার এই পাতায় পরিবেশন করা হলে সেই পুষ্টিগুণ খাবারের সঙ্গে মিশে শরীরে প্রবেশ করে, যা কোষের ক্ষয়রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
জীবাণুনাশক ক্ষমতা: শালপাতার নিজস্ব অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা খাবারে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে।
রাসায়নিক মুক্ত ও পরিবেশবান্ধব: এটি ১০০% প্রাকৃতিক। খাওয়ার পর ফেলে দেওয়া পাতা সহজেই মাটিতে মিশে গিয়ে জৈব সারে পরিণত হয়, যা পরিবেশ দূষণ রোধ করে।
হজমে সহায়ক: আয়ুর্বেদ মতে, শালপাতায় নিয়মিত খেলে হজমশক্তি উন্নত হয় এবং খাবারের স্বাদও বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু ভারত সরকারের ‘এক জেলা এক পণ্য’ প্রকল্পের অধীনে ঝাড়গ্রামের জন্য ‘শালপাতা ভিত্তিক পণ্য’ নির্বাচিত হয়েছিল। শুরুতে ‘শাল্বী’ নামে ট্রেডমার্ক তৈরি করে জিইএম পোর্টালে এই পণ্য বিক্রির যে তোড়জোড় দেখা গিয়েছিল, বর্তমানে তার কোনও অস্তিত্ব বা গতি মাঠেঘাটে দেখা যাচ্ছে না। ডিজিটাল পরিকাঠামোর অভাবে প্রান্তিক মহিলারা এর থেকে কোনও সুফলই পাচ্ছেন না বলে অভিযোগ।









