ব্রাউন সুগার পাচারের বড়সড় ছক বানচাল, ঝাড়গ্রাম পুলিশের জালে মেদিনীপুরের যুবক

​ঝাড়গ্রাম, ১৬ জুলাই: শহরে মাদকচক্রের দৌরাত্ম্য রুখতে বড়সড় সাফল্য পেল ঝাড়গ্রাম থানা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ, তবে এই ঘটনায় তার এক সঙ্গী বাইক নিয়ে চম্পট দিতে সক্ষম হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরে যুবসমাজের মধ্যে মাদকের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ ছিল শহরবাসীর। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে বিশেষ দল গঠন করে নজরদারি বাড়ানো হয়। এরই মধ্যে ঝাড়গ্রাম থানার আইসি উদয় শংকর ঘোষ গোপন সূত্রে জানতে পারেন, মেদিনীপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক শহরে ব্রাউন সুগার নিয়ে ঢুকছে। সেই খবরের ভিত্তিতে আইসি-র নেতৃত্বে বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি শুরু হয়। সেবায়তন সংলগ্ন কেঁচনদা রাজবাঁধ এলাকায় ওই মোটরসাইকেলটিকে আটকানো হলে এক যুবক পালিয়ে যায়। তবে অপরজনকে ধরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ আজমল, তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক বিনপুর বিধানসভার কাপগাড়ি এলাকায় পাচার করার উদ্দেশ্য ছিল। পুলিশের এই অভিযানে আইসি ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জয়েন্ট বিডিও সৌভিক প্রামাণিক এবং তদন্তে বিশেষ ভূমিকা পালন করেন ঝাড়গ্রাম থানার সাব-ইন্সপেক্টর সৃজন হেমব্রম ও সুমন মণ্ডল। পলাতক যুবকের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Comment

আরও পড়ুন