নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম: ব্লকের একটি গ্রামীণ ঢালাই রাস্তার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কু। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল এই রাস্তা নির্মাণের। সেই দাবির ভিত্তিতেই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান মন্ত্রী।
মন্ত্রী অমিয় কিস্কু বলেন, পচাগেড়িয়া এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা নির্মাণের। সেই দাবি গুরুত্ব দিয়ে সরকার এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। তিনি জানান, এলাকার উন্নয়নে নয়াগ্রাম ব্লক প্রশাসন, স্থানীয় নেতৃত্ব এবং ঠিকাদার সংস্থার সহযোগিতায় কাজ এগিয়ে চলেছে। আগামী দিনে নয়াগ্রাম ব্লকের আরও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নয়াগ্রাম মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল। তিনি বলেন, এই রাস্তা নির্মাণ এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল। রাস্তা তৈরি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, এলাকার আরও বেশ কিছু রাস্তা ও পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন এবং সেই দাবিও সরকারকে পূরণ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নতুন রাস্তা চালু হওয়ায় এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে।









