নয়াদিল্লি, ২০ জুলাই: ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ডোপিং বা নিষিদ্ধ ওষুধের ব্যবহার এক ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার লোকসভায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া এক লিখিত জবাবে জানিয়েছেন যে, চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত ভারতে মোট ৭৮টি ডোপিংয়ের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের, যেখানে প্রতিটি রাজ্য থেকে ১৩ জন করে ক্রীড়াবিদ নিষিদ্ধ ওষুধ সেবন করে ধরা পড়েছেন। ভারতীয় জনতা পার্টির সাংসদ সম্বিত পাত্রের এক প্রশ্নের উত্তরে এই উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরেন ক্রীড়ামন্ত্রী। পরিসংখ্যান অনুযায়ী, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের পরেই রয়েছে মধ্যপ্রদেশ, যেখান থেকে ১১টি ডোপিংয়ের ঘটনা সামনে এসেছে এবং এরপরেই ৯টি ঘটনা নিয়ে তালিকায় রয়েছে কর্ণাটক। অন্যদিকে, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, গোয়া, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় এবং সিকিমের মতো রাজ্যগুলির ক্রীড়াবিদদের মধ্যে এ বছর এখন পর্যন্ত কোনও ডোপিংয়ের প্রমাণ পাওয়া যায়নি।
কেন্দ্রীয় মন্ত্রী তাঁর জবাবে অপরাধীদের বিরুদ্ধে নেওয়া কঠোর পদক্ষেপের কথা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে মনসুখ মাণ্ডবিয়া বলেন, “এই ক্রীড়াবিদদের ন্যাশনাল অ্যান্টি-ডোপিং রুলস, ২০২১ অনুযায়ী ক্রীড়া কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল (এডিডিপি) দ্বারা নির্ধারিত শাস্তির মধ্যে রয়েছে ফলাফলের অযোগ্যতা, পদক বা পুরস্কার বাজেয়াপ্ত করা, খেলাধুলায় অংশগ্রহণের অযোগ্যতার সময়কাল এবং ওয়াডা কোড ২০২১-এর অধীনে নির্ধারিত অন্যান্য পরিণতি।” ভারতের ডোপিংয়ের অতীত রেকর্ডও অত্যন্ত হতাশাজনক। গত তিন বছর ধরে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা বা ওয়াডা-র সর্বাধিক নিয়ম লঙ্ঘনের তালিকায় ভারত শীর্ষস্থানে রয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৩ সালে ভারতে ২১৩টি ডোপিংয়ের ঘটনা রেকর্ড করা হয়েছিল, যা ২০২৪ সালে একধাক্কায় বেড়ে ২৬০-এ দাঁড়ায়। এরপর ২০২৫ সালে সংখ্যাটি অনেকটাই কমে ১৩১-এ নেমে আসে।
ডোপিং রুখতে সরকারের সচেতনতামূলক পদক্ষেপের খতিয়ান দিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, “…সরকার ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং কোড এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর এডুকেশন অনুযায়ী নাডা-র মাধ্যমে একটি ব্যাপক এবং টেকসই অ্যান্টি-ডোপিং সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করছে।” সচেতনতা প্রসারে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা (নাডা)-র ভূমিকার কথা উল্লেখ করে তিনি তাঁর বিবৃতিতে হুবহু বলেন, “নাডা ক্রীড়াবিদ, কোচ, ক্রীড়াবিদ সহায়তা কর্মী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের লক্ষ্য করে সেমিনার, ওয়ার্কশপ, ওয়েবিনার, ই-লার্নিং, ডিজিটাল প্রচারাভিযান, আউটরিচ প্রোগ্রাম এবং প্লে ট্রু ক্যাম্পেইনের মাধ্যমে বছরব্যাপী শিক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। নাডা ২০২৩ সালে ২২০টি, ২০২৪ সালে ২৮০টি, ২০২৫ সালে ৩৪৩টি এবং ১৩ জুলাই ২০২৬ পর্যন্ত ২২০টি প্রোগ্রাম পরিচালনা করেছে।” এছাড়া ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরির পাশাপাশি দেশে আরও পরীক্ষাগার স্থাপনের বিষয়েও প্রস্তাব এসেছে বলে মন্ত্রী জানিয়েছেন। এই বিষয়ে তাঁর মন্তব্য, “নতুন পরীক্ষাগার স্থাপনের বিষয়ে, এটি ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)-র স্বীকৃতি মানদণ্ড এবং অনুমোদনের সাপেক্ষে, যা এই ধরনের স্বীকৃতি প্রদানের জন্য উপযুক্ত আন্তর্জাতিক সংস্থা।”









