ঝাড়গ্রাম, ২১ জুলাই: পুলিশ মানেই যে শুধু কড়াকড়ি, হাতে লাঠি আর অপরাধীদের পেছনে ধাওয়া করা—এমন চেনা ছকের বাইরে গিয়ে এবার একেবারে ‘ঘরের লোক’ হয়ে উঠল ঝাড়গ্রাম জেলা পুলিশ। বর্ষার মরশুমে ডেঙ্গুর রক্তচক্ষু থেকে প্রত্যন্ত গ্রামের মানুষদের বাঁচাতে এবার অভিনব এক উদ্যোগ নিল প্রশাসন। পুলিশের ‘সহায়’ কর্মসূচির হাত ধরে আমলাসোল ও আমঝরনার মতো একসময়ের চর্চিত গ্রামগুলোতে পৌঁছে গেল মশারি থেকে শুরু করে পুষ্টিকর খাবার, এমনকী বাচ্চাদের জন্য লজেন্সও!
আমঝরনা গ্রামে এদিন স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। জঙ্গলমহলের এই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে বর্ষা এলেই মশা আর মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। সেই বিপদের কথা মাথায় রেখেই ডেঙ্গু প্রতিরোধে পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপ। সভার পর গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় ১০০টি মশারি। পাশাপাশি দৈনন্দিন পুষ্টির কথা মাথায় রেখে বিলি করা হয় সয়াবিন বড়ির প্যাকেট। তবে সবচেয়ে বেশি খুশি বোধহয় হয়েছে গ্রামের খুদেরা। পুলিশের উর্দিধারী কর্তাদের হাত থেকে একরাশ লজেন্স পেয়ে তাদের মুখে তখন চওড়া হাসি।
পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে জনসংযোগ বাড়াতে এদিনের এই অনুষ্ঠানে একেবারে মাঠে ময়দানে উপস্থিত ছিলেন জেলার শীর্ষ পুলিশ কর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন), বেলপাহাড়ির এসডিপিও, বেলপাহাড়ি থানার আইসি এবং বাঁশপাহাড়ি থানার ওসি এদিন সরাসরি গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং সবরকম পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দেন। সব মিলিয়ে, কেবল আইন-শৃঙ্খলা রক্ষাই নয়, সমাজের প্রান্তিক মানুষগুলোর স্বাস্থ্য ও সুরক্ষার খেয়াল রেখে ঝাড়গ্রাম পুলিশ বুঝিয়ে দিল, তারা সত্যিই সাধারণের ‘সহায়’।









