অশ্লীল বিষয়বস্তু সম্প্রচারের জের, গত দু’বছরে ৫০টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন:তথ্যপ্রযুক্তি আইন এবং অন্যান্য আইন লঙ্ঘন করে অশ্লীল বিষয়বস্তু (কনটেন্ট) সম্প্রচারের অভিযোগে গত দু’বছরে দেশে মোট ৫০টি ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি শিশুদের অনলাইন নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ডিজিটাল আসক্তি দূর করতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান যে, বিশেষ করে শিশুদের জন্য একটি উন্মুক্ত, নিরাপদ, বিশ্বস্ত এবং দায়বদ্ধ ইন্টারনেট পরিবেশ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, নিষিদ্ধ হওয়া ওই প্ল্যাটফর্মগুলি মূলত তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ এবং ৬৭এ ধারা, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ২৯৪ ধারা এবং মহিলাদের অশালীন প্রদর্শন (নিষেধাজ্ঞা) আইন, ১৯৮৬-এর ৪ নম্বর ধারা লঙ্ঘন করেছিল। তিনি উল্লেখ করেন যে, তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ এবং তথ্যপ্রযুক্তি বিধি, ২০২১ অনুযায়ী সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে ব্যবহারকারীদের এমন কোনও বিষয়বস্তু শেয়ার করা থেকে বিরত রাখতে হবে, যা বেআইনি বা শিশুদের জন্য ক্ষতিকর। এছাড়া, সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী উপযুক্ত আদালত বা সরকারের নির্দিষ্ট নির্দেশ পাওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে মাধ্যমগুলি থেকে এই ধরনের বেআইনি বিষয়বস্তু সরিয়ে ফেলা বাধ্যতামূলক করা হয়েছে।

শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষার বিষয়ে মন্ত্রী ‘ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, ২০২৩’-এর কথা উল্লেখ করেন, যেখানে শিশুদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আগে অভিভাবকদের সম্মতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের ওপর নজরদারি চালানো বা তাদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, অনলাইন গেমিং-এর কারণে হওয়া আর্থিক ক্ষতি এবং ডিজিটাল আসক্তি রুখতে ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট, ২০২৫’ কার্যকর করার কথাও তিনি উল্লেখ করেন। ২০২৫-২৬ সালের অর্থনৈতিক সমীক্ষার প্রসঙ্গ টেনে তিনি জানান, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ডিজিটাল আসক্তি এক মারাত্মক জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে, যার ফলে উদ্বেগ, অবসাদ, ঘুমের ব্যাঘাত থেকে শুরু করে সাইবার বুলিং ও বিপুল আর্থিক ক্ষতির মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে।

ডিজিটাল সচেতনতা বাড়াতেও সরকার লাগাতার কাজ করে চলেছে। ইনফরমেশন সিকিউরিটি এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস (আইএসইএ) প্রকল্পের আওতায় দেশজুড়ে ৬,৬৫০টি সচেতনতা কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ কর্মী সহ ১১ লক্ষ ৩৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন। এর পাশাপাশি সার্ট-ইন নিয়মিত সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা জারি করছে। শিক্ষা মন্ত্রক, সিবিএসই এবং এনসিইআরটি-র তরফ থেকেও প্রজ্ঞাতা নির্দেশিকা, শিক্ষকদের সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ, স্কুলে সাইবার ক্লাব গঠন এবং স্কুল পাঠ্যক্রমে সাইবার সুরক্ষার মতো বিষয় অন্তর্ভুক্ত করে পড়ুয়াদের ডিজিটাল শিক্ষাকে আরও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

আরও পড়ুন