নয়াগ্রাম, ঝাড়গ্রাম: বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের শীতলপুরা গ্রামের একটি আইসিডিএস কেন্দ্রে উত্তেজনা ছড়ায়। ডিম সরবরাহ বন্ধ থাকার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় মহিলা ও গ্রামবাসীরা আইসিডিএস কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আইসিডিএস কেন্দ্রে শিশু ও উপভোক্তাদের জন্য ডিম দেওয়া বন্ধ রয়েছে। এর মধ্যেই কয়েকদিন ধরে পুজোর কারণে কেন্দ্রের পরিষেবাও বন্ধ ছিল। পরিষেবা চালু হলেও এখনও ডিম দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের।
বিক্ষোভকারীদের দাবি, বিষয়টি নিয়ে জানতে তারা আইসিডিএস কর্মীর সঙ্গে কথা বলতে গেলে সন্তোষজনক উত্তর পাননি। তাদের আরও অভিযোগ, আইসিডিএস কর্মী সুপারভাইজারের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও করে দেননি। ফলে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন।
গ্রামবাসীদের দাবি, দ্রুত নিয়মিত ডিম সরবরাহ চালু করতে হবে এবং আইসিডিএস পরিষেবায় যাতে আর কোনও অনিয়ম না হয়, সেদিকে প্রশাসনকে নজর দিতে হবে।









