রোমানিয়ার সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য ভারতের, ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির পক্ষে সওয়াল রাষ্ট্রপতির

বুখারেস্ট, ২৪ জুলাই: ভারত এবং রোমানিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং আগামী তিন বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল দুই দেশ। তিন দেশীয় সফরের শেষ পর্যায়ে রোমানিয়ায় গিয়ে বৃহস্পতিবার সেদেশের প্রেসিডেন্ট নিকুসোর ডানের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে ভারতের ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) রূপায়ণের পক্ষেও জোরালো সওয়াল করেছেন রাষ্ট্রপতি। তাঁর মতে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে রোমানিয়া ভারতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার এবং এই চুক্তি সফল হলে তা দুই দেশের শিল্পক্ষেত্র এবং দক্ষ পেশাদারদের সামনে এক অভূতপূর্ব সুযোগ তৈরি করবে।

মলডোভা এবং উত্তর ম্যাসিডোনিয়া সফর শেষে বুধবারই বুখারেস্টে পৌঁছন রাষ্ট্রপতি মুর্মু। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রোমানিয়ার বিদেশমন্ত্রী ওয়ানা-সিলভিয়া টোইউ। গত তিন দশকের কাছাকাছি সময়ের মধ্যে এটাই কোনো ভারতীয় রাষ্ট্রপতির প্রথম রোমানিয়া সফর। এই ঐতিহাসিক সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন দপ্তরের প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বাম্ভানিয়া এবং সংসদ সদস্য দীনেশ শর্মা ও বিজয় বাঘেল। বৃহস্পতিবার রোমানিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘কত্রোচেনি প্যালেস’-এ পৌঁছালে ভারতের রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। এরপর দুই রাষ্ট্রপ্রধান নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন এবং তারপর প্রতিনিধি পর্যায়ের বিস্তারিত আলোচনা শুরু হয়।

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, এই বৈঠকে ভারত-রোমানিয়া দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সমস্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় দেশই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মুর্মু বলেন, সাত দশকেরও বেশি সময় ধরে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুই দেশের মানুষের নিবিড় যোগাযোগের ওপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার এই উষ্ণ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। তাঁর কথায়, “ভারত-রোমানিয়া অংশীদারিত্বের অন্যতম প্রধান স্তম্ভ হলো অর্থনৈতিক সহযোগিতা।” দুই দেশই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন তৈরি এবং উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আরও বেশি করে মেলবন্ধন গড়ে তোলার বিষয়ে সম্মত হয়েছে।

অর্থনীতি ও বাণিজ্যের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি এবং মানুষে মানুষে যোগাযোগের বিষয়টিও এই দিনের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এই তিনটি ক্ষেত্রে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। এছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতার কর্মসূচির অধীনে যৌথ গবেষণার ক্ষেত্র প্রসারিত করার বিষয়েও ভারত এবং রোমানিয়া একমত হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর সহায়তায় বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ে একটি ‘ইন্ডিয়ান স্টাডিজ চেয়ার’ বা ভারতীয় বিদ্যাচর্চার আসন প্রতিষ্ঠা করা হবে। একইসঙ্গে, ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’ (আইটেক) কর্মসূচির অধীনে রোমানিয়ার নাগরিকদের জন্য প্রশিক্ষণের সুযোগ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ২০২৮ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৮০ বছর পূর্তি হতে চলেছে, আর সেই বিশেষ বছরটিকে স্মরণীয় করে রাখতে ওই বছরটিকে ‘ইন্ডিয়া-রোমানিয়া ইয়ার অফ ইনোভেশন’ হিসেবে উদযাপন করার বিষয়েও দুই দেশের রাষ্ট্রপ্রধান সম্মত হয়েছেন।

বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রপতিই একটি যৌথ বিবৃতি জারি করে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের প্রতি তাঁদের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। শুক্রবার রাষ্ট্রপতি মুর্মুর ‘ইন্ডিয়া-রোমানিয়া বিজনেস ফোরাম’-এ ভাষণ দেওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি রোমানিয়ার পার্লামেন্ট এবং ‘বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ’ পরিদর্শনেও যাবেন।

Leave a Comment

আরও পড়ুন