ঝাড়গ্রামে অগস্ট থেকে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনার ডিজিটাল স্বগণনা প্রক্রিয়া

সুনীপম মহাকুল

আসন্ন জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ে ঝাড়গ্রাম জেলায় অনলাইনে নিজ নিজ পরিবারের তথ্য নথিভুক্তকরণ বা ‘সেলফ এনুমারেশন’ (স্বগণনা) প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী পয়লা অগস্ট থেকে। মঙ্গলবার ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর এক সাংবাদিক বৈঠক করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে বাড়িতে বসেই খুব সহজেই ডিজিটাল মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য নির্দিষ্ট পোর্টালে এন্ট্রি করতে পারেন, তার জন্য চার ধাপে এই স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রশাসনের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, স্বগণনার প্রথম ধাপে পোর্টালের মাধ্যমে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এর জন্য নির্ধারিত পোর্টাল se.census.gov.in-এ প্রবেশ করে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করে ক্যাপচা কোড দিতে হবে। এরপর পরিবারের প্রধানের নাম, পরিবারের অন্যান্য সদস্যদের নাম, দশ সংখ্যার মোবাইল নম্বর এবং ঐচ্ছিক হিসেবে ইমেল আইডি লিখতে হবে। প্রশাসনের তরফে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে, একবার পরিবারের প্রধানের নাম নথিভুক্ত হয়ে গেলে তা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। পাশাপাশি, প্রতিটি পরিবারের জন্য শুধুমাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করা যাবে এবং একই নম্বর একাধিক পরিবারের রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করা সম্ভব নয়।

দ্বিতীয় ধাপে রয়েছে ওটিপি যাচাইকরণ এবং অবস্থান শনাক্তকরণ। ব্যবহারকারীকে পছন্দের ভাষা নির্বাচন করার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওটিপি নির্দিষ্ট স্থানে লিখতে হবে। উল্লেখ্য, একবার ভাষা নির্বাচিত হলে তা পরবর্তীতে আর পরিবর্তন করা যাবে না। এরপর জেলা নির্বাচন করা, পিন কোড এবং এলাকা বা অঞ্চলের নাম লিখে অবস্থানের বিবরণ দিতে হবে। মানচিত্রে নিজের বাসস্থান নির্দিষ্ট করার জন্য মানচিত্রের লাল মার্কারটি ড্র্যাগ করে বা টেনে বাড়ির ওপর স্থাপন করতে হবে কিংবা ক্লিক করে অবস্থান নিশ্চিত করতে হবে।

তৃতীয় ধাপে তথ্য প্রদান এবং ফাইনাল সাবমিটের পালা। টুলটিপ, এফএকিউ ও প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং প্রয়োজনীয় নির্দেশাবলী ব্যবহার করে পুঙ্খানুপুঙ্খভাবে গৃহগণনা প্রশ্নাবলী পূরণ করতে হবে। এর পরে ‘প্রিভিউ এবং রিভিউ’ ধাপে গিয়ে ব্যবহারকারী তাঁর দেওয়া সমস্ত তথ্য যাচাই করে নিতে পারবেন। প্রয়োজনে তথ্য পরিবর্তন করতে পূর্বেবর্তী স্ক্রিনে ফিরে যাওয়া সম্ভব, কিংবা পরে জমা দেওয়ার জন্য ড্রাফট হিসেবে সংরক্ষণ করা বা তথ্য নিশ্চিত করে চূড়ান্তভাবে জমা দেওয়া যেতে পারে। চূড়ান্ত পর্যায়ে নিশ্চিত করে সাবমিট করলে তথ্য জমা হয়ে যাবে। এরপর কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না। তথ্য জমা দেওয়ার পরে অন্তত এগারো সংখ্যার একটি ‘এসই আইডি’ —যার শুরুতে ‘এইচ’ থাকবে—তৈরি হবে এবং তা এসএমএস ও ইমেলের মাধ্যমে পাঠানো হবে।

চতুর্থ তথা শেষ ধাপে রয়েছে ফিল্ড পর্যায়ে যাচাইকরণ। পরবর্তী সময়ে যখন গণনাকারীরা বাড়িতে পরিদর্শনের জন্য আসবেন, তখন তাঁদের সঙ্গে এই ‘এসই আইডি’ শেয়ার করতে হবে। গণনাকারীদের পরিদর্শনের সময় প্রদত্ত তথ্যাবলী এবং বিদ্যমান রেকর্ড যদি মিলে যায়, তবে গণনাকারী প্রদত্ত তথ্যাবলী নিশ্চিত করে গ্রহণ করবেন। যদি না মেলে, তবে গণনাকারী নতুনভাবে সমস্ত তথ্য সংগ্রহ করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই ডিজিটাল স্বগণনা প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

আরও পড়ুন