এনডিএ-র ‘মঙ্গল মিলন’ বৈঠকে এনসিপিআই সাংসদরা, জোটের ঐক্য ও শৃঙ্খলার প্রশংসায় কাকলি-সায়নীরা

নয়াদিল্লি: এনডিএ-র সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকে যোগ দিলেন সদ্য গঠিত ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-এর সাংসদরা। মঙ্গলবার রাজধানী দিল্লিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দলের তিন সাংসদ কাকলি ঘোষ, সায়নী ঘোষ এবং শতাব্দী রায়। শাসক জোটে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি এদিন এনডিএ-র অন্দরের ঐক্য ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। দলের সাংসদ কাকলি ঘোষ জানিয়েছেন, লোকসভার স্পিকারের কাছে আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য দলের তরফে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে এবং তাঁরা এখন আনুষ্ঠানিকভাবে এনডিএ জোটেরই অংশ।

প্রথমবার এনডিএ-র বৈঠকে অংশ নেওয়া প্রসঙ্গে কাকলি ঘোষ বলেন, “২০১৪ সালের আগে এমন বৈঠক কখনও দেখিনি। এনসিপিআই-এর সব সাংসদ একসঙ্গে কাজ করছেন, যা অত্যন্ত আনন্দের।” অন্যদিকে, বৈঠকটিকে অত্যন্ত ‘তথ্যসমৃদ্ধ’ বলে উল্লেখ করে সাংসদ সায়নী ঘোষ জানান, সেখানে মুক্ত বাণিজ্য চুক্তি এবং নীল অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি নিট প্রশ্নফাঁস বিতর্কে পড়ুয়াদের প্রতিবাদের জেরে সরকারের আনা ‘অ্যান্টি-পেপার লিক বিল’-এরও প্রশংসা করেছেন তিনি। আরেক সাংসদ শতাব্দী রায় এই বৈঠককে ‘অত্যন্ত সুসংগঠিত’ আখ্যা দিয়ে জানান, দেশের আগামী দিনের রূপরেখা এবং আসন্ন বিলগুলি নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই ‘মঙ্গল মিলন’ বৈঠকে বক্তব্য রাখেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং রাজীব রঞ্জন সিং। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। প্রসঙ্গত, বিরোধীদের তুমুল হট্টগোলের মাঝেই এদিন লোকসভায় ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সেই আবহে এনসিপিআই সাংসদদের এই বৈঠকে উপস্থিতি এবং সরকারের পদক্ষেপের প্রশংসা জাতীয় রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

আরও পড়ুন