খাড়বান্ধি হাসপাতালে ২৪ ঘণ্টা পরিষেবা ও বেড চালুর দাবিতে মন্ত্রী রাজেশ মাহাতোর কাছে স্মারকলিপি

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর–২ ব্লকের খাড়বান্ধি গ্রামীণ হাসপাতালের ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিষেবা চালু এবং হাসপাতালে বেডের ব্যবস্থা করার দাবিতে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক রাজেশ মাহাতোর কাছে আবেদনপত্র প্রদান করল গোপীবল্লভপুর–২ ব্লকের কুড়মি সংগঠন গুলি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খাড়বান্ধি ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উন্নত স্বাস্থ্য পরিষেবার অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দ্রুত হাসপাতালটিতে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা চালু করার পাশাপাশি রোগীদের জন্য বেডের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। এদিন আবেদনপত্র প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী নেগাচারি কুড়মি সমাজ সংগঠনের প্রতিনিধি তথা কুড়মি বিজেপির জোটের অঞ্চল সভাপতি জয়ন্ত মাহাত, আদিবাসী কুড়মি সমাজের ঝাড়গ্রাম জেলা সম্পাদক সর্বজিৎ মাহাতো, আদিবাসী কুড়মি সমাজের গোপীবল্লভপুর–২ ব্লক সভাপতি জয়ন্ত মাহাত-সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার স্বার্থে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Comment

আরও পড়ুন