বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও তৎকালীন প্রধান কোচ অনিল কুম্বলের মধ্যকার তীব্র বিরোধের কারণেই তিনি জাতীয় দলের কোচ পদের জন্য আবেদন জানিয়েছিলেন বলে প্রকাশ্যে আনলেন প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেবাগ। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন কোহলি ও কুম্বলের সম্পর্কের চরম অবনতি ঘটায় কুম্বলের মেয়াদ বাড়ায়নি বিসিসিআই। নতুন কোচের সন্ধানে ক্রিকেট বোর্ড আবেদনপত্র আহ্বান করলে একেবারে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে সেই দৌড়ে যুক্ত হয়েছিল শেবাগের নাম। সেই সময় বিষয়টি নিয়ে তীব্র চর্চা হলেও রবি শাস্ত্রীকে শেষ পর্যন্ত কোচ হিসেবে বেছে নেওয়া হয়। কেন শেষ মুহূর্তে আবেদন করেছিলেন, এতদিন পর সেই রহস্যের পর্দা উন্মোচন করলেন শেবাগ।
শেবাগ স্পষ্ট জানিয়েছেন, তৎকালীন বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী ও অধিনায়ক বিরাট কোহলি নিজে তাঁর সঙ্গে যোগাযোগ না করলে তিনি কখনোই কোচের পদের জন্য আবেদন করতেন না। অমিতাভ চৌধুরী তাঁর সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন এবং অধিনায়কের সঙ্গে কোচের সম্পর্কের অবনতির কথা জানিয়ে শেবাগকে কোচের পদের জন্য অনুরোধ করেন। সেই সময় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত ছিলেন শেবাগ। সেখান থেকেই দলকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে।
তবে দায়িত্ব নেওয়ার আগে বোর্ড কর্তাদের কাছে বিশেষ একটি শর্ত রেখেছিলেন বলে জানিয়েছেন শেবাগ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রধান কোচের দায়িত্ব নিলে সাপোর্ট স্টাফ নির্বাচনের সম্পূর্ণ স্বাধীনতা তাঁর হাতে দিতে হবে। অর্থাৎ সহকারী কোচ, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ, ফিজিও কিংবা ট্রেনার—সব পদে নিজের পছন্দের লোক রাখার দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু ক্রিকেট বোর্ড তাঁর এই শর্ত মেনে নিতে অস্বীকার করায় তিনি শেষ পর্যন্ত ভারতের প্রধান কোচের দায়িত্ব নেওয়া থেকে পিছিয়ে আসেন।
উল্লেখ্য, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে কোহলি ও কুম্বলের মনস্তাত্ত্বিক সংঘাত চরম আকার ধারণ করে। কুম্বলের কঠোর নিয়মানুবর্তিতা ও কাজের পদ্ধতি দলের অনেকেই মেনে নিতে পারছিলেন না বলে প্রকাশ্যে আসে। ক্রিকেটারদের অসন্তোষের কারণেই মূলত বিসিসিআই কুম্বলেকে সরাতে বাধ্য হয়েছিল। ফাইনাল ম্যাচে পাকিস্তানের কাছে হেরে ভারত ট্রফি হাতছাড়া করার পরপরই আনুষ্ঠানিকভাবে নিজের পদ থেকে ইস্তফা দেন কুম্বলে।









