বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: মহিলা এশিয়া কাপ ২০২৬-এর জন্য আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করার পরেও তা দ্রুত সামাজিক মাধ্যম এবং নিজেদের ওয়েবসাইট থেকে মুছে ফেলল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ১৫ সদস্যের মূল দল এবং ৫ জন রিজার্ভ খেলোয়াড়ের নাম প্রকাশ করার পরপরই বোর্ডের এমন সিদ্ধান্তকে ঘিরে ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মূলত টুর্নামেন্টের নির্দিষ্ট সূচি, তারিখ এবং ভেন্যু সংক্রান্ত বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি-র চূড়ান্ত ঘোষণা না থাকার কারণেই এই নজিরবিহীন ঘটনার মুখোমুখি হতে হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে।
সূত্রের খবর, যার জন্য ভারতীয় স্কোয়াড প্রকাশ করা হয়েছিল, সেই মহিলা এশিয়া কাপ আয়োজনের ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই টুর্নামেন্টটি কোথায় এবং ঠিক কোন সময়সীমার মধ্যে খেলা হবে, সে বিষয়ে কোনও স্পষ্ট বা সরকারি ঘোষণা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে অংশগ্রহণকারী দেশগুলোকে জানানো হয়নি। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, টুর্নামেন্টটি আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং এসিসি-র তরফে সদস্য দেশগুলোকে শুধু জানানো হয়েছিল যে আগামী ২৭ আগস্ট দলগুলো পৌঁছাবে ও ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। কিন্তু ট্রাভেল এবং লজিস্টিকস সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সদস্য দেশগুলি বারবার আনুষ্ঠানিক সূচি জানতে চাইলেও এসিসি তা চূড়ান্ত করতে পারেনি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। টুর্নামেন্ট শুরুর সময় কাছাকাছি চলে এলেও এখনও পর্যন্ত ভেন্যু কিংবা ম্যাচ সূচি কিছুই প্রকাশ করতে পারেনি তাঁর নেতৃত্বাধীন এসিসি। এই পরিস্থিতিতে কোনও রকম সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই বিসিসিআই তড়িঘড়ি দল ঘোষণা করে ফেলেছিল। পরবর্তীতে বিষয়টি নজরে আসতেই তারা বুঝতে পারে যে যেখানে আয়োজক সংস্থাই টুর্নামেন্টের ঘোষণা করেনি, সেখানে দলের তালিকা প্রকাশ করা নিয়মসম্মত নয়। সেই কারণেই দ্রুত নিজেদের সমস্ত প্ল্যাটফর্ম থেকে ঘোষণার বার্তা ও দলের তালিকা সরিয়ে নেয় বিসিসিআই। এখনও পর্যন্ত অন্য কোনও অংশগ্রহণকারী দেশ এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেনি এবং এসিসি-র সামাজিক মাধ্যম বা ওয়েবসাইটেও প্রতিযোগিতার বিষয়ে কোনও তথ্য নেই।









