যৌন নির্যাতনকেই যুদ্ধের হাতিয়ার করেছে রাশিয়া! চাঞ্চল্যকর দাবি রাষ্ট্রসংঘ ও সংবাদমাধ্যমের

যৌন নির্যাতনকেই যুদ্ধের হাতিয়ার করেছে রাশিয়া! চাঞ্চল্যকর দাবি রাষ্ট্রসংঘ ও সংবাদমাধ্যমের

মস্কো: ইউক্রেনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতনকেই যুদ্ধের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাশিয়া। বন্দি সেনা ও সাধারণ নাগরিকদের ওপর ধর্ষণ এবং যৌনাঙ্গ বিকৃত করার মতো পাশবিক অত্যাচার চালিয়ে তাঁদের মানসিকভাবে ভেঙে দেওয়াই রুশ বাহিনীর প্রধান লক্ষ্য। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সাম্প্রতিক একটি প্রতিবেদনে রাষ্ট্রসংঘের তদন্তকারী এবং ইউক্রেনীয় প্রসিকিউটরদের বয়ানের ভিত্তিতে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই মূলত পুরুষ ইউক্রেনীয় বন্দিদের ওপর এই ধরনের যৌন নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ।

সেরহি বয়চুক নামে ৩৩ বছর বয়সী এক প্রাক্তন ইউক্রেনীয় বন্দি ওই মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০২২ সালে রুশ বাহিনী তাঁকে বন্দি করার পর টানা দু’বছর ধরে তাঁর ওপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে। লাঠি এবং বোতল দিয়ে তাঁকে ধর্ষণ করার পাশাপাশি যৌনাঙ্গে ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয় দেখানো হতো। ২০২৪ সালের অক্টোবরে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পান তিনি। বয়চুকের মতো একাধিক প্রাক্তন যুদ্ধবন্দি রুশ সেনার এই নারকীয় নির্যাতনের কথা স্বীকার করেছেন। রাষ্ট্রসংঘ এবং ইউক্রেনের গোয়েন্দা বিভাগের রিপোর্টও এই অভিযোগকে মান্যতা দিচ্ছে। সাধারণত যুদ্ধে মহিলা ও শিশুদের ওপরই সবচেয়ে বেশি যৌন নির্যাতন চালানো হয়। তবে এই যুদ্ধের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই রুশ সেনার লালসার শিকার হয়েছেন ইউক্রেনীয় পুরুষ সেনারা।

রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, রুশ সেনার বিরুদ্ধে ওঠা ৩১০টি যৌন নির্যাতনের অভিযোগের মধ্যে ২৮০ জনই পুরুষ। এছাড়া ২৬ জন মহিলা এবং ৪ জন নাবালিকাও রয়েছেন। এই বন্দিদের নগ্ন করে দাঁড় করিয়ে রাখা, যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া বা লাঠিপেটা করার মতো অভিযোগও রয়েছে। এমনকি ইউক্রেনীয়রা যাতে আর সন্তানের জন্ম দিতে না পারে, সেই হুমকিও রুশ প্রহরীরা দিত বলে দাবি করা হয়েছে। যদিও মস্কো প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। তবে আন্না সোসোনস্কা নামে এক ইউক্রেনীয় প্রসিকিউটর জানিয়েছেন, সমাজ ও প্রতিশোধের ভয়ে অনেকেই মুখ খোলেন না। ফলে রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ঠিক কতজনের ওপর এমন নারকীয় অত্যাচার চলছে, তার প্রকৃত হিসেব এখনও অজানা।

Leave a Comment

আরও পড়ুন