অন্ধ্রপ্রদেশের ভোগাপুরমে আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম, ১লা আগস্ট: শনিবার অন্ধ্রপ্রদেশের ভোগাপুরমে আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি তাঁর এই সফরে জাতির উদ্দেশে ১৭,৯০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প উৎসর্গ করার কথা রয়েছে। এদিন বিজয়নগরম জেলার ভোগাপুরমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ।

প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও সূত্রে জানা গিয়েছে, ৫,৬৪০ কোটি টাকার বেশি ব্যয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলে এই গ্রিনফিল্ড বিমানবন্দরটি তৈরি করা হয়েছে, যা বার্ষিক ৬০ লক্ষ যাত্রীর যাতায়াত সামলাতে সক্ষম। ভবিষ্যতের বিমান চলাচলের চাহিদা মেটাতে উন্নত পরিকাঠামো, অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্যগুলিকে কাজে লাগিয়ে আধুনিক ও নিরবচ্ছিন্ন ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে এখানকার প্যাসেঞ্জার টার্মিনালটির নকশা করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বিল্ডিং ইনফরমেশন মডেলিং (বিআইএম), এয়ারসাইড ৪.০ সিস্টেম, বায়োমেট্রিক যাত্রী প্রক্রিয়াকরণ এবং স্বয়ংক্রিয় লাগেজ হ্যান্ডলিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে, যা যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষাকে আরও উন্নত করবে।

এই বিমানবন্দর প্রকল্পে পরিবেশ সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র, বৃষ্টির জল সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বৈদ্যুতিক যান চার্জিংয়ের পরিকাঠামো। এই টার্মিনালটি সম্পূর্ণ গ্রিন বিল্ডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এবং এটি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলে (ইউএসজিবিসি) নিবন্ধিত। অন্ধ্রপ্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আদলে বিমানবন্দরের স্থাপত্যের নকশা করা হয়েছে, যেখানে ছাদের অংশটি ঐতিহ্যবাহী চুট্টিলু কুটির এবং আরাকু উপত্যকার প্রাকৃতিক দৃশ্যের প্রতিফলন ঘটায়। অন্যদিকে এর প্রবাহিত রূপটি উড়ন্ত মাছের সুন্দর গতিবিধির প্রতীক, যা আঞ্চলিক স্থাপত্যের সঙ্গে সমসাময়িক নকশার মেলবন্ধন ঘটিয়েছে। পিএমও জানিয়েছে, এই বিমানবন্দরটি বিমান যোগাযোগের উন্নতি ঘটানোর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে।

এদিনের কর্মসূচির পর প্রধানমন্ত্রী মোদী কর্ণাটকের মাইসুরুতে যাবেন। সেখানে তিনি শ্রী রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দ কালচারাল ইউথ সেন্টার বা ‘বিবেক স্মারক’-এর উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।

Leave a Comment

আরও পড়ুন