একাধিক অভিযোগের খবর পেয়ে বুধবার সকালে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে যৌথভাবে পরিদর্শনে গেলেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং বিনপুর বিধানসভার বিধায়ক প্রণত টুডু। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথাও শোনেন দুই বিধায়ক।
পরিদর্শনের সময় হাসপাতালের পরিষেবা, পরিকাঠামো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের যথাযথ পরিষেবা দেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুধু ঝাড়গ্রাম জেলার মানুষই নন, প্রতিবেশী ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও বহু রোগী চিকিৎসার জন্য আসেন। ফলে প্রতিদিনই রোগীর চাপ যথেষ্ট বেশি থাকে। এই বিষয়টি মাথায় রেখে হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান দুই বিধায়ক।
পাশাপাশি, দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের সঙ্গে থাকা পরিজনদের সমস্যার কথাও উঠে আসে। রোগীর পরিবারের সদস্যদের থাকার জন্য হাসপাতাল চত্বরে বা সংলগ্ন এলাকায় উপযুক্ত থাকার ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও জানান তাঁরা।
দুই বিধায়ক জানান, মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা এবং হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনদের যাতে অযথা সমস্যায় পড়তে না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। হাসপাতাল পরিদর্শনের পর উঠে আসা সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তাঁরা।









