লালারস পরীক্ষার মাধ্যমে দ্রুত মাদক পরীক্ষা চালুর দাবি, ডিজিসিএ-কে চিঠি ভারতীয় পাইলটদের সংগঠনের

নয়াদিল্লি: দেশের বিমান পরিবহন ক্ষেত্রে কর্মীদের মাদক পরীক্ষার (ড্রাগ টেস্ট) প্রক্রিয়ায় বড়সড় সংস্কারের দাবি জানাল পাইলটদের শীর্ষ সংগঠন ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস’ (এফআইপি)। বিমান চলাচল নিয়ামক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন’ (ডিজিসিএ)-কে চিঠি দিয়ে বার্ষিক বাধ্যতামূলক র‍্যান্ডম মাদক পরীক্ষার হার বর্তমান ১০ শতাংশ থেকে বাড়িয়ে অন্তত ২৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে তারা। একই সঙ্গে বর্তমানে প্রচলিত শুধুমাত্র মূত্র পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত ও দ্রুত পদ্ধতি হিসেবে ওরাল-ফ্লুইড বা লালারস পরীক্ষার (স্যালাইভা টেস্ট) অনুমতি দেওয়ার জোর দাবি জানিয়েছে এই সংগঠন।

সংগঠনের মতে, ভারতীয় বিমান পরিবহন ক্ষেত্রের পরিধি দ্রুত বাড়লেও মাদক পরীক্ষার ক্ষেত্রে এখনও এক দশক পুরোনো ১০ শতাংশের নিয়ম চালু রয়েছে, যা বর্তমান পরিস্থিতির জন্য পর্যাপ্ত নয়। লালারস পরীক্ষার মাধ্যমে খুব কম সময়ে এবং গ্রাউন্ড স্টপ চলাকালীন স্পটেই নমুনা সংগ্রহ করা সম্ভব, যা সামগ্রিক পরীক্ষার সময় প্রায় দুই-তৃতীয়াংশ কমিয়ে দেবে। আমেরিকা, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলিতে ইতিমধ্যেই মূত্র পরীক্ষার পাশাপাশি লালারস পরীক্ষা সফলভাবে ব্যবহার করা হচ্ছে বলে উল্লেখ করেছে তারা। তবে নিয়ম শিথিল করার কোনও উদ্দেশ্য এতে নেই জানিয়ে এফআইপি স্পষ্ট করেছে যে, প্রাথমিক স্ক্রিনিংয়ের পর ল্যাব পরীক্ষা এবং স্বাধীন মেডিকেল পর্যালোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রচলিত ব্যবস্থাই বহাল থাকবে।

ভুল রিপোর্টের কারণে পাইলটদের যাতে হেনস্থা না হতে হয়, সেজন্য পরীক্ষার আগেই চিকিৎসকের পরামর্শে নেওয়া ওষুধ বা প্রেসক্রিপশনের তথ্য জানানোর একটি গোপনীয় ব্যবস্থা তৈরির দাবিও জানানো হয়েছে। এর ফলে সাধারণ সর্দিকাশির ওষুধ বা ফুড সাপ্লিমেন্টের কারণে অযথা মাদক গ্রহণের ভুয়ো সংকেত এড়ানো সম্ভব হবে। এই নয়া নিয়ম সরাসরি দেশজুড়ে কার্যকর না করে পরীক্ষামূলকভাবে নির্বাচিত কয়েকটি বিমানবন্দর ও বিমান সংস্থায় আগামী ১২ মাসের জন্য একটি পাইলট প্রকল্প হিসেবে চালানোর আর্জি জানিয়েছে এফআইপি, যাতে বাস্তব পরিস্থিতিতে এর কার্যকারিতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়।

Leave a Comment

আরও পড়ুন