মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: জামিনে মুক্ত বিজেপি নেতা দুর্গাশঙ্কর মাইতি, নয়াগ্রামে বাজি ফাটিয়ে খাসির মাংসের মহাভোজ

নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম: আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়ে গ্রামে ফিরতেই স্থানীয় বিজেপি নেতা তথা সমাজসেবী দুর্গাশঙ্কর মাইতিকে ঘিরে উৎসবের মেজাজে ভাসল নয়াগ্রাম ব্লকের উপর পাতিনা গ্রাম। বাজি ফাটিয়ে, শঙ্খ বাজিয়ে, ফুলের মালায় সংবর্ধনা জানানোর পাশাপাশি গ্রামে আয়োজন করা হলো ঢালাও খাসির মাংস-ভাতের মহাভোজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৬ আগস্ট ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারার একটি পুরনো মামলায় দুর্গাশঙ্করবাবুকে পুলিশ গ্রেপ্তার করে। তরণী মহাপাত্র নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে পরিবার, বিজেপি কর্মী-সমর্থক ও গ্রামবাসীর একাংশের স্পষ্ট অভিযোগ— রাজনৈতিক আক্রোশ থেকেই তাঁকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল।

মঙ্গলবার আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর তিনি এলাকায় পৌঁছালে নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকে নয়াগ্রাম। পাতিনা বাসস্ট্যান্ডে আগে থেকেই জড়ো হয়েছিলেন কয়েকশো গ্রামবাসী। দুর্গাশঙ্করবাবু গাড়ি থেকে নামতেই শুরু হয় তীব্র আতসবাজির রোশনাই ও উলুধ্বনি। এরপর একপ্রকার শোভাযাত্রা করে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়।

বাড়ি ফিরে দুর্গাশঙ্কর মাইতি এবং তাঁর পিতা পতিতপাবন মাইতি উপস্থিত সমস্ত গ্রামবাসীকে মিষ্টিমুখ করান। রাতে গ্রামের সর্বস্তরের মানুষের জন্য আয়োজন করা হয় ভাত ও খাসির মাংসের পাত পেড়ে মহাভোজ।

এলাকার বাসিন্দাদের বক্তব্য, রাজনীতির ঊর্ধ্বে উঠে আপদে-বিপদে সবসময় মানুষের পাশে দাঁড়ান দুর্গাশঙ্করবাবু। তাই তাঁর ঘরে ফেরাকে কেন্দ্র করে কার্যত অকাল উৎসবে মেতে ওঠে গোটা উপর পাতিনা গ্রাম।

Leave a Comment

আরও পড়ুন