৭২ ঘণ্টার বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের মধ্যে বিভাজন, ক্ষোভ ক্লিনিক্যাল বিভাগে

সুনীপম মহাকুল, ২৭ অগস্ট: সরকারি মেডিকেল কলেজের শিক্ষক-চিকিৎসকদের বেতন এবং পদমর্যাদা এক হলেও কাজের দায়িত্বের ব্যাপক ফারাক দীর্ঘদিনের। সেই বিদ্যমান বৈষম্য এবার আরও প্রকট এবং তীব্র করে তুলল রোগী ভর্তির পরবর্তী ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ করার সাম্প্রতিক সরকারি নির্দেশিকা। স্বাস্থ্য দপ্তরের এই নতুন নির্দেশে ক্লিনিক্যাল এবং নন-ক্লিনিক্যাল শিক্ষক-চিকিৎসকদের মধ্যে ‘আমরা-ওরা’ বিভাজন তৈরি হওয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে চিকিৎসক মহলের বড় অংশে।

চিকিৎসকদের বক্তব্য, নন-ক্লিনিক্যাল বিভাগের দুটি স্তর রয়েছে—প্রি-ক্লিনিক্যাল এবং প্যারা-ক্লিনিক্যাল। অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির মতো প্রি-ক্লিনিক্যাল বিষয়ের শিক্ষক-চিকিৎসকদের মূলত পড়ানোর দায়িত্ব থাকে, রোগী দেখতে হয় না। অন্যদিকে প্যাথলজি, মাইক্রোবায়োলজি এবং রেডিওলজির মতো প্যারা-ক্লিনিক্যাল শাখার চিকিৎসকদের রোগ নির্ণয় ও পরিষেবায় যুক্ত থাকতে হলেও তাঁদের অধীনে সরাসরি রোগী ভর্তি হন না। ফলে সরকারি দায়িত্ব শেষ করেই তাঁরা অনায়াসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন। অথচ জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, স্ত্রীরোগ, অর্থোপেডিক এবং পেডিয়াট্রিক্সের মতো ক্লিনিক্যাল বিষয়ের শিক্ষক-চিকিৎসকদের ক্লাসে পড়ানোর পাশাপাশি আউটডোর, ইমার্জেন্সি, ইনডোর এবং ওটি সামলাতে হয়। তাঁদের অধীনেই রোগী ভর্তি হন এবং ‘অ্যাডমিশন ডে’-র জেরে তাঁরাই মূলত ৭২ ঘণ্টার প্রাইভেট প্র্যাকটিস নিষেধাজ্ঞার গেরোয় আটকে পড়ছেন।

সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকদের ন্যূনতম বেতন যথাক্রমে প্রায় ১.০৯ লক্ষ, ১.৫৩ লক্ষ এবং ১.৮৯ লক্ষ টাকা। পদ ও বেতন পরিকাঠামো এক হওয়া সত্ত্বেও এই বৈষম্যমূলক নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লিনিক্যাল ফ্যাকাল্টির চিকিৎসকরা। কলকাতা মেডিকেল কলেজের এক অর্থোপেডিক চিকিৎসকের কথায়, যে চিকিৎসক হাসপাতালে সকাল থেকে ওয়ার্ডে রোগী দেখা, নতুন রোগী ভর্তি এবং জরুরি পরিষেবা সামলাচ্ছেন, তাঁর ওপরই অতিরিক্ত বিধিনিষেধ চাপছে। অথচ পাশের বিভাগের চিকিৎসক কম দায়িত্ব পালন করেও নিয়মিত প্রাইভেট প্র্যাকটিসের পূর্ণ সুযোগ পাচ্ছেন।

অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্সের প্রাক্তন সাধারণ সম্পাদক মানস গুমটা মনে করেন, অ্যাডমিশন ডে সংক্রান্ত এই নির্দেশিকায় ক্লিনিক্যাল এবং নন-ক্লিনিক্যাল শিক্ষক-চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহকর্মীর স্বাভাবিক সৌহার্দ্যে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এবং তিক্ততা সৃষ্টি হতে পারে।

একই সুর সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাসের গলাতেও। তিনি জানান, প্রাইভেট প্র্যাকটিসের ওপর এই বিধিনিষেধ সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অগণতান্ত্রিক। এর ক্ষতিকর প্রভাব কেবল স্বাস্থ্য পরিষেবায় পড়বে না, চিকিৎসকদের নিজেদের মধ্যেও বড় বৈষম্য তৈরি করবে। তিনি উল্লেখ করেন, প্রি ও প্যারা-ক্লিনিক্যালের পাশাপাশি ক্লিনিক্যাল বিষয়ের অধীনেও এমন কিছু বিভাগ রয়েছে যেখানে চিকিৎসকদের অধীনে সরাসরি রোগী ভর্তি হয় না। ফলে তাঁদের কোনো অ্যাডমিশন ডে থাকে না এবং এই নির্দেশিকার বিধিনিষেধ তাঁদের ক্ষেত্রে কার্যত প্রযোজ্যই হচ্ছে না।

শুধু আলাদা বিভাগই নয়, একই বিষয়ের চিকিৎসকদের মধ্যেও বড় বৈষম্য তৈরি হচ্ছে বলে অভিযোগ। এনআরএস মেডিকেল কলেজের এক সহযোগী অধ্যাপকের বক্তব্য অনুযায়ী, এসএসকেএম ছাড়া ফিজিক্যাল মেডিসিন বিভাগে অন্য কোনো সরকারি মেডিকেল কলেজে নিজস্ব বেড নেই। ফলে এসএসকেএমের ফ্যাকাল্টিরা রোগী ভর্তির কারণে তিন দিন প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না, অথচ অন্য মেডিকেল কলেজের একই বিষয়ের চিকিৎসকদের ওপর কোনো বাধা থাকবে না। চর্মরোগ-সহ একাধিক ক্ষেত্রেও এমন অসঙ্গতি তৈরি হচ্ছে বলে চিকিৎসকদের একাংশ সরব হয়েছেন।

Leave a Comment

আরও পড়ুন