বিশেষ সংবাদদাতা, ভদোদরা, ২৭ অগস্ট: বৈধ কোনো ডাক্তারি ডিগ্রি বা রেজিস্ট্রেশন ছাড়াই দীর্ঘ ১৫ বছর ধরে ভদোদরার একটি অভিজাত এলাকায় চিকিৎসকের পরিচয় দিয়ে চেম্বার চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ প্রফুল্ল হালদার (৪৫)। তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়া এই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা মাত্র দশম শ্রেণি পর্যন্ত। রোগীদের চিকিৎসার ফল না মেলায় সন্দেহ দানা বাঁধে এবং সেই সূত্র ধরেই বুধবার শহরের আকোটা এলাকায় ‘প্রমিলা ক্লিনিক’-এ হানা দেয় ভদোদরা সিটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জোন-২ টিম।
একজন স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে চালানো ওই অভিযানে ক্লিনিকটি থেকে বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ৪১ হাজার টাকা মূল্যের ৩৮ বোতল কাশির সিরাপ, ১৬২টি ইঞ্জেকশন, ২৮১ পাতার ওষুধ, ৮৪টি মলমের টিউব, ৩০ প্যাকেট গুঁড়ো ওষুধ, ৩২টি ক্যাপসুল, ৯টি স্যালাইনের বোতল এবং ১৯টি ইনফিউশন সেট। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি অ্যালোপ্যাথিক ওষুধ লেখা, রোগীদের ইঞ্জেকশন দেওয়া এবং এমনকি পাইলস ও অর্শের মতো সমস্যার ক্ষেত্রে কোনো অ্যানাস্থেসিয়া ছাড়াই উত্তপ্ত চিমটা দিয়ে অস্ত্রোপচার চালাতেন।
ভদোদরা সিটি পুলিশের ডিসিপি (জোন-২) মঞ্জিতা বাঞ্জারা জানান, “স্থানীয় বাসিন্দারা এই চিকিৎসকের দেওয়া ওষুধে রোগ না সারা নিয়ে নানা কথা বলছিলেন। প্রতিদিন তাঁর কাছে বিপুল সংখ্যক রোগী আসতেন এবং শহরের অনেক আসল চিকিৎসকের চেয়েও তাঁর আয় বেশি ছিল। গোপন খবরের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ সেখানে অভিযান চালিয়ে দেখতে পায় তাঁর ডাক্তারি সার্টিফিকেটটি সম্পূর্ণ জাল। আয়ুর্বেদিক চিকিৎসার একটি ভুয়ো ডিগ্রির নথি ব্যবহার করে তিনি অ্যানাস্থেসিয়া ছাড়াই উত্তপ্ত চিমটা দিয়ে পাইলস ও অর্শের অস্ত্রোপচার করতেন এবং প্রতি চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত নিতেন।”
পুলিশ আধিকারিক আরও জানান, গুজরাতে আসার আগে ওই ব্যক্তি পশ্চিমবঙ্গে এক চিকিৎসকের ক্লিনিকে সহকারী বা হেল্পার হিসেবে কাজ করতেন। প্রায় ১৫ বছর আগে তিনি ভদোদরায় চলে আসেন এবং একা বসবাস করতে শুরু করেন। সেখানে তিনি মূলত নিম্ন মধ্যবিত্ত পরিবারের রোগীদের চিকিৎসা করতেন। অতীতে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করার সুবাদেই সাধারণ কিছু ওষুধের ব্যবহার তিনি শিখেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এতদিন তাঁর চিকিৎসাগত যোগ্যতার কোনো নথিপত্র কেউ যাচাই করেনি। অভিযুক্তকে গ্রেফতারের পর আইনি নিয়ম মেনে জামিন দেওয়া হয়েছে। তবে তিনি মোট কতজন রোগীর চিকিৎসা করেছেন এবং এই ভুয়ো কারবারের মাধ্যমে কত পরিমাণ আর্থিক মুনাফা করেছেন, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।









