বিশেষ সংবাদদাতা, পঞ্চকুলা, ২৬ অগস্ট: কমনওয়েলথ গেমসে সফল রাজ্যের পদকজয়ী ও অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের এক রাজ্যস্তরের অনুষ্ঠানে সংবর্ধনা জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। বুধবার পঞ্চকুলায় আয়োজিত এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানে মোট ২৪ জন ক্রীড়াবিদের হাতে সর্বমোট ১৩ কোটি ৯৭ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্রীড়াবিদদের সাফল্যে গর্ব প্রকাশ করে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, একজন ক্রীড়াবিদের সাফল্যের নেপথ্যে থাকে মা-বাবার অবিচল আস্থা, গুরুর শেখানো নিয়মানুবর্তিতা এবং প্রতিটা হারের পর আবার ঘুরে দাঁড়ানোর অদম্য সংকল্প। তিনি উল্লেখ করেন, ২৩তম কমনওয়েলথ গেমসে ভারত মোট ৩৯টি পদক—১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে। এই গৌরবোজ্জ্বল মুহূর্তে হরিয়ানা আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। দেশের মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ হরিয়ানায় হলেও, দেশের মোট পদকের মধ্যে ১১টি পদকই এনেছেন এই রাজ্যের অ্যাথলিটরা।
বিশেষ করে রাজ্যের মেয়েদের ক্রীড়ানৈপুণ্যের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, হরিয়ানার জেতা ১১টি পদকের মধ্যে ৬টিই এসেছে প্রমীলা বাহিনীর হাত ধরে, যার মধ্যে রয়েছে ৫টি স্বর্ণপদক। খেলোয়াড়দের এই অসামান্য প্রতিভার ওপর ভর করে ভারত আগামীতে অলিম্পিক মঞ্চেও বিশ্ব ক্রীড়াশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।









