বিশেষ সংবাদদাতা, নতুন দিল্লি, ২৬ অগস্ট: জার্মানির ভিনসেন্ট কিমারকে ১৯-৯ ব্যবধানে হারিয়ে গ্র্যান্ড চেস ট্যুরের অন্তিম পর্বের ফাইনালে প্রবেশ করলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। দ্বিতীয় ক্লাসিক্যাল ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার পর প্রতিযোগিতার শেষ দিনে ছয় পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে থেকে ছোট ফরম্যাটের ম্যাচ খেলতে নামেন এই ভারতীয় তারকা।
চূড়ান্ত দিনে কিমারের বিরুদ্ধে ব্যাক-টু-ব্যাক র্যাপিড ম্যাচে জয় পেয়েই ফাইনালে নিজের জায়গা কার্যত নিশ্চিত করে ফেলেন প্রজ্ঞানন্দ। সেই সময় তিনি ১৭-৩ পয়েন্টের অপ্রতিরোধ্য ব্যবধানে এগিয়ে যান। এরপর প্রথম ব্লিৎজ ম্যাচেও জয় তুলে নিয়ে নিজের মোট পয়েন্ট সংখ্যা ১৯-এ পৌঁছে দেন তিনি।
টুর্নামেন্টের ফাইনালে প্রজ্ঞানন্দ মুখোমুখি হবেন খেতাবের অন্যতম দাবিদার তথা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্যাবিয়ানো কারুয়ানার। উল্লেখ্য, এই প্রতিযোগিতার শীর্ষ তিন প্রতিযোগী আগামী বছরের গ্র্যান্ড চেস ট্যুরের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবেন।









