মুম্বই: ভারতীয় নৌবাহিনীর ডুবুরি সহায়তা, সমুদ্রের তলদেশে উদ্ধারকাজ এবং সাবমেরিন উদ্ধারের সক্ষমতা আরও জোরদার করতে আগামী ৩১ আগস্ট আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি ঘটতে চলেছে ডুবুরি সহায়ক জাহাজ নিপুণের। মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে নিস্তার-শ্রেণীর এই দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেলটির কমিশন সম্পন্ন হবে।
বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের তৈরি এই জাহাজটি দেশীয় প্রতিরক্ষা জাহাজ নির্মাণে আত্মনির্ভরতার পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমুদ্রের নানা জটিল পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর জন্য তৈরি এই জাহাজটি ট্রায়াল ও প্রয়োজনীয় সজ্জা সম্পূর্ণ করে গত ৩০ জুলাই, ২০২৬ তারিখে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
অত্যাধুনিক ডাইভিং সিস্টেম, সমুদ্রের গভীরে কাজ চালানোর বিশেষ সুবিধা এবং জটিল সাবমেরিন উদ্ধার অভিযানের উপযুক্ত প্রযুক্তি রয়েছে নিপুণের মধ্যে। এছাড়াও উন্নত নেভিগেশন ও প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম এবং উন্নত চিকিৎসা সহায়তার মতো পরিকাঠামো এই জাহাজে মজুত রয়েছে।
ভারতীয় জলসীমায় যেকোনো জটিল অভিযান পরিচালনা করতে এই দেশীয় জাহাজ নৌবাহিনীর শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে, যা দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির ক্রমবর্ধমান শক্তিরই এক উজ্জ্বল নিদর্শন।









