আন্তর্জাতিক ডেস্ক, মস্কো, ২৬ অগস্ট: মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বায়ুসেনার রহস্যজনক বিমান অবতরণের ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই আসল রহস্য উন্মোচিত হলো। আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র ডিরেক্টর জন র্যাটক্লিফ নিজেই ওই বিমানে করে মস্কোয় এসে রুশ বিশেষ গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। মার্কিন শীর্ষ গোয়েন্দা প্রধানের এই আকস্মিক সফরের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন বলেও জানানো হয়েছে।
বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে দু’পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ও যোগাযোগ হয়েছে। তবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কোনও বৈঠক হয়নি।” পেসকভ অবশ্য সিআইএ প্রধানের এই আলোচনাকে একটি ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন। ২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম কোনও মার্কিন সিআইএ ডিরেক্টর সরাসরি মস্কো সফরে এলেন। এর আগে তৎকালীন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস মস্কোয় এসেছিলেন, যার প্রায় তিন মাস পর ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল।
আন্তর্জাতিক সূত্রে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই সফরের ঝুঁকি এড়াতে মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং উত্তর রাশিয়ায় তিন দিনের জন্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা না চালানোর জন্য ইউক্রেন প্রশাসনকেও বার্তা দেওয়া হয়েছিল। তবে ইউক্রেন সংঘাত, পশ্চিমি নিষেধাজ্ঞা এবং ইরান-রাশিয়া সামরিক সহযোগিতা ঘিরে তৈরি হওয়া টানাপড়েনের আবহে এই গোপন বৈঠকের নির্দিষ্ট লক্ষ্য কী ছিল, তা ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য অবনতি রোধে সরাসরি সতর্কবার্তা দেওয়া কিংবা বন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা করতেই এই তড়িঘড়ি উচ্চপর্যায়ের নেপথ্য সফর সংঘটিত হয়েছে।









