নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফাঁকা বাড়িতে আটকে রেখে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগে লালগড় থানা এলাকা থেকে পাঁচ যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক প্রত্যেকের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃত পাঁচজনই আদিবাসী যুবক। তারা হলো লালগড় থানার বাগনাড়া গ্রামের চন্দ্র সরেন (১৮), জয়পুর গ্রামের সুজল হেমব্রম ওরফে তুরুক (২৪), নারচা গ্রামের মঙ্গল সরেন ওরফে মধু (৩২), ছিটোপেলিয়ার নবীন মুর্মু ওরফে নিমুন (২৫) এবং জয়পুরের ঠাকুর দাস টুডু (২৫)। ঘটনায় জড়িত বাকি দুই অভিযুক্তের খোঁজে এলাকায় জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চব্বিশের নির্যাতিতা বিবাহিত হলেও তিনি স্বামীর সঙ্গে থাকতেন না; চার বছরের শিশুকন্যাকে নিয়ে মায়ের কাছেই বসবাস করতেন। গত ২০ আগস্ট তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নিজের মোটরসাইকেলে তোলে তাঁরই গ্রামের এক পূর্বপরিচিত যুবক। পথে পিসির সঙ্গে দেখা করার অজুহাতে তাঁকে একটি নির্জন ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে অভিযুক্ত যুবক তাঁকে ধর্ষণ করে। এরপর সে বাইরে বেরিয়ে এসে আরও দু’জনকে ডেকে নিয়ে যায় এবং তারাও পাশবিক অত্যাচার চালায়। পরবর্তীতে ঘটনাস্থলে আরও কয়েক জন উপস্থিত হলে নির্যাতিতা ভেবেছিলেন তারা হয়তো তাঁকে বাঁচাতে এসেছে; কিন্তু তারাও তরুণীর ওপর গণধর্ষণ চালায় বলে পুলিশকে দেওয়া বয়ানে জানিয়েছেন তিনি।
ঘটনার আকস্মিকতা, তীব্র শারীরিক-মানসিক আঘাত এবং ক্রমাগত হুমকির জেরে তরুণী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অবশেষে কিছুটা ধাতস্থ হয়ে ৩ সেপ্টেম্বর লালগড় থানায় গিয়ে সাত জনের বিরুদ্ধে লিখিত গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ করে পাঁচ অভিযুক্তকে জালে তোলে পুলিশ। এদিন নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। সম্প্রতি বেলিয়াবেড়ায় প্রৌঢ়াকে ধর্ষণ করে পুড়িয়ে হত্যার চেষ্টা এবং শিলদায় আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণের পর ফের লালগড়ের এই ঘটনায় জঙ্গলমহল জুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।









