বছরের পর বছর বকেয়া মজুরি ও গাড়ির ভাড়া, কলাইকুন্ডা রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে হুলা পার্টির বিক্ষোভ

মেদিনীপুর ব্যুরো, ৮ সেপ্টেম্বর: জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলমহলে হাতি তাড়ানোর কাজ করলেও মিলছে না প্রাপ্য পারিশ্রমিক ও গাড়ির ভাড়া। দীর্ঘ চার বছর ধরে জমে থাকা বকেয়া টাকার দাবিতে মঙ্গলবার রণক্ষেত্রের রূপ নিল খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জ অফিস চত্বর। রেঞ্জ আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ হুলা পার্টির সদস্য ও কাজে ব্যবহৃত গাড়ির মালিকেরা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কলাইকুন্ডা ফাঁড়ির পুলিশ।

জানা গিয়েছে, কলাইকুন্ডা রেঞ্জের অধীন কলাইকুন্ডা, বারডাঙ্গা এবং সাঁকরাইল বিট এলাকায় মূলত ঝাড়গ্রাম গ্রামীণ ও সাঁকরাইল ব্লকের স্থানীয় যুবকদের নিয়ে সাত-আটটি হুলা দল কাজ করে। লোকালয়, বাড়িঘর ও ফসলের জমি বাঁচাতে দিনরাত এক করে হাতির গতিপথ পরিবর্তনের কাজ করেন তাঁরা। তবে আন্দোলনকারীদের অভিযোগ, ২০২২ সাল থেকে দফায় দফায় কাজ করা সত্ত্বেও বনদপ্তর তাঁদের ন্যায্য মজুরি এবং কাজে ব্যবহৃত নজরদারি গাড়ির ভাড়া মেটায়নি।

বিক্ষোভে অংশ নিয়ে হুলা পার্টির কর্মী জ্যোতির্ময় মাহাতো জানান, ২০২২ সালে তৎকালীন রেঞ্জ আধিকারিক অঙ্কন পান্ডার সময় টানা প্রায় দেড় মাস কাজ করেছিলেন তাঁরা। পরবর্তীকালে দায়িত্বে আসা আধিকারিক শুভেন্দু বিশ্বাসও টাকা মেটানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও পাওনা কানাকড়িও মেলেনি। উল্টে নিজেদের পকেটের টাকা খরচ করে গাড়িতে ডিজেল ভরে হাতির মোকাবিলা করতে হয়েছে তাঁদের। সঞ্জয় মাহাতো ও তপন মাহাতোর মতো কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি, প্রাণ বাজি রেখে কাজ করার পর ন্যায্য পাওনা না পেলে আগামী দিনে এলাকায় হাতি তাড়ানোর সমস্ত কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে এবং কাউকে কাজ করতেও দেওয়া হবে না।

মঙ্গলবার বিক্ষোভের জেরে রেঞ্জ আধিকারিক প্রণয় সরকার দীর্ঘক্ষণ ঘেরাও হয়ে থাকেন। বকেয়া পরিশোধ নিয়ে বনদপ্তরের একের পর এক ফাঁকা আশ্বাসে যে ক্ষোভ চরমে পৌঁছেছে, তা স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারীরা। দ্রুত সমস্ত বকেয়া না মিটলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ডাক দিয়েছেন তাঁরা।

Leave a Comment

আরও পড়ুন