জেলা ব্যুরো, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে ওড়িশা থেকে বাংলায় গরু পাচারের বড়সড় ছক বানচাল করল পুলিশ। মধ্যরাতে ফিল্মি কায়দায় তাড়া করে ঝাড়গ্রাম থানার অন্তর্গত এলাকা থেকে আটক করা হলো গরুবোঝাই দুটি লরি। লরির ডালা থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মোট ৪৫টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় লরি দুটির চালককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওড়িশা সীমানা পেরিয়ে দুটি বড় লরিতে গাদাগাদি করে গরু বোঝাই করে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝরাতে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পাড়া বিট হাউস এলাকার টোল প্লাজার কাছে টহলরত পুলিশের সন্দেহ হয়। গাড়ি দুটিকে থামার নির্দেশ দেওয়া হলে চালকরা গতি বাড়িয়ে পুলিশের নজর এড়িয়ে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে ধাওয়া শুরু করে পুলিশের টহলদারি ভ্যান। বেশ কিছুটা দূর তাড়া করার পর শেষ পর্যন্ত পথ আটকে লরি দুটিকে পাকড়াও করতে সক্ষম হন পুলিশকর্মীরা।
এরপর লরির পেছনের ডালায় তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। অত্যন্ত অমানবিক ও বিপজ্জনকভাবে বাঁধা অবস্থায় উদ্ধার হয় ৪৫টি গরু। বৈধ কোনো নথিপত্র বা পরিবহণের সরকারি অনুমতি দেখাতে না পারায় গাড়ি দুটি বাজেয়াপ্ত করা হয়।
ঘটনাস্থল থেকেই দুই চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম শেখ রিয়াজ উদ্দিন ও শেখ রিয়াজ। মঙ্গলবার তাদের ঝাড়গ্রাম মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আন্তঃরাজ্য এই পাচারচক্রের নেপথ্যে বড় কোনো চক্র সক্রিয় রয়েছে কি না, ওড়িশার কোথা থেকে এই গরুগুলি তোলা হয়েছিল এবং কলকাতায় কার কাছে পৌঁছে দেওয়ার বরাত ছিল—তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।









