এডিট করা ভুয়ো চালানে বালি পাচারের ছক, জাতীয় সড়কে পুলিশের জালে ৪

ঝাড়গ্রাম:  কম্পিউটারে তৈরি জাল নথির কারসাজি ফাঁস করে জাতীয় সড়কে অবৈধ বালি পাচারের বড়সড় ছক বানচাল করল পুলিশ। প্রযুক্তির চোখে ধুলো দিয়ে পাচারের আগেই হাতেনাতে পাকড়াও করা হলো চার অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে জামবনি থানার অন্তর্গত চিচিড়া এলাকায় ৪৯ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে জাতীয় সড়ক দিয়ে যাওয়া দুটি বালি বোঝাই ডাম্পার দেখে সন্দেহ হয় টহলরত জামবনি থানার পুলিশের। গাড়ি দুটিকে আটকে চালকদের কাছে বৈধ কাগজপত্র ও সরকারি চালান দেখতে চান পুলিশকর্মীরা।

অভিযোগ, নথিপত্র দেখাতে গিয়ে চরম ইতস্তত করতে থাকেন চালক ও খালাসিরা। তাঁদের আচরণে সন্দেহ আরও দৃঢ় হওয়ায় সঙ্গে সঙ্গে চালানটি স্ক্যান করেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। তখনই প্রযুক্তির হাতেনাতে ধরা পড়ে কারচুপি। দেখা যায়, নথিতে থাকা সরকারি সিলমোহর ও তথ্য কম্পিউটারে এডিট করে তৈরি সম্পূর্ণ জাল চালান। ভুয়ো নথির পর্দাফাঁস হতেই বালি বোঝাই ডাম্পার দুটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম বিমল জানা, লোকনাথ দাস, মন্টু হোতা ও বলাই মাল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করেছে জামবনি থানার পুলিশ। এই চক্রের শিকড় কত দূর বিস্তৃত এবং নেপথ্যে আর কোনো প্রভাবশালী চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

আরও পড়ুন