রাজ্যে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল, ২৩ জন আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিককে নতুন দায়িত্ব নবান্নের

কলকাতা: রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের উচ্চপর্যায়ে একযোগে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। জনস্বার্থের কারণ দর্শিয়ে গত ২৫ সেপ্টেম্বর রাইটার্স বিল্ডিংয়ের পুলিশ সার্ভিস সেল থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে (নং ১৫৭৫-পি.এস. সেল/এইচআর/ও/৩পি-০৩/২০১৮(পার্ট)) মোট ২৩ জন সিনিয়র আইপিএস এবং ডব্লিউবিপিএস আধিকারিককে নতুন পদে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় ১৭ জন আইপিএস এবং ৬ জন ডব্লিউবিপিএস আধিকারিক রয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০২ ব্যাচের আইপিএস তথা কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল দেবেন্দ্র প্রকাশ সিংকে উত্তরবঙ্গের আইজি (আইবি) পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় কলকাতার অতিরিক্ত নগরপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন এসটিএফ-এর আইজিপি সুধীর কুমার নীলকান্তম (২০০৭ ব্যাচ)। রাজ্য পুলিশের এসসিআরবি-র আইজিপি নীলু শেরপা চক্রবর্তীকে পাঠানো হয়েছে ডব্লিউবিপিএইচআইডিসিএল-এর আইজিপি পদে দেবাশীষ দত্তের স্থলাভিষিক্ত করে। আর হোম গার্ডের আইজি শঙ্খশুভ্র চক্রবর্তীকে আনা হয়েছে রাজ্য এসসিআরবি-র আইজিপি পদে। রাজ্য পুলিশের ডিআইজি (সিকিউরিটি) সুখেন্দু হিরাকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (সিকিউরিটি) হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের ট্রাফিকের জয়েন্ট সিপি সূর্য প্রতাপ যাদবকে আইবি-র ডিআইজি পদে বদলি করা হয়েছে এবং তাঁর জায়গায় ট্রাফিকের জয়েন্ট সিপি হিসেবে নিযুক্ত করা হয়েছে ড. ভোলানাথ পাণ্ডেকে। ডব্লিউবিপিএইচআইডিসিএল-এর ডিআইজি দেবাশীষ দত্তকে বিধাননগর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি হিসেবে নিয়োগ করা হয়েছে।

সিআইডি ও গোয়েন্দা বিভাগেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বদল হয়েছে। এসএপি ১০ম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট নিমা নরবু ভুটিয়াকে সিআইডির স্পেশাল সুপারিনটেনডেন্ট (এসএস) পদে বদলি করা হয়েছে। আইবি-র এসএস ধৃতিমান সরকারকে মালদার এসএস (সিআইডি) হিসেবে পাঠানো হয়েছে আরিশ বিলালের স্থলাভিষিক্ত করে। অন্যদিকে আরিশ বিলালকে পাঠানো হয়েছে ভবানী ভবনে সিআইডির এসএস পদে। শিলিগুড়ির ২য় আইআর ব্যাটালিয়নের সিও ওয়াংডেন ভুটিয়াকেও সিআইডির এসএস করা হয়েছে। আইবি-র এসএস ড. হোসেন মেহেদি রহমানকে ব্যারাকপুরের এসভিএসপিএ-র ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম-২-এর ডিসি পদে আনা হয়েছে এসএপি ১ম ব্যাটালিয়নের সিও সৌম্যদীপ ভট্টাচার্যকে। শিলিগুড়ি ট্রাফিকের ডিসি কাজী সামসুদ্দিন আহমেদকে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ডিডি এবং এসএপি ৪র্থ ব্যাটালিয়নের সিও কুন্তল বন্দ্যোপাধ্যায়কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি পদে পাঠানো হয়েছে। এ ছাড়া কলকাতার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) ডিসি স্পর্শা নিলঙ্গীকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডিসি ডিডি পদে বদলি করা হয়েছে।

আইপিএস আধিকারিকদের পাশাপাশি জেলা স্তরে ডব্লিউবিপিএস আধিকারিকদের দায়িত্বেও ব্যাপক পরিবর্তন এনেছে রাজ্য সরকার। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) কৌস্তুভদীপ্ত আচার্যকে আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং শিলিগুড়ি ২য় আইআর ব্যাটালিয়নের ডেপুটি সিও সালিমা লামাকে আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হিসেবে বদলি করা হয়েছে। এসএপি ১২তম ব্যাটালিয়নের ডেপুটি সিও পূর্ণিমা শেরপাকে কালিম্পংয়ের অতিরিক্ত পুলিশ সুপার পদে আনা হয়েছে কুনাল বার্নাবাসের জায়গায়। অন্য এক রদবদলে মালদার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অভিষেক রায়কে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর সদর) হিসেবে নিয়োগ করা হয়েছে মানবেন্দ্র দাসের জায়গায়। বীরভূমের বোলপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাসকে কোচবিহারের মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। অন্যদিকে কালিম্পংয়ের অতিরিক্ত পুলিশ সুপার কুনাল বার্নাবাসকে অভিষেক রায়ের জায়গায় মালদার নতুন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকেই সংশ্লিষ্ট আধিকারিকদের এই নতুন পোস্টিং কার্যকর হবে।

Leave a Comment

আরও পড়ুন