নয়াদিল্লি: শনিবার নতুন দিল্লির ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক সৌজন্যমূলক বৈঠকে মিলিত হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই বৈঠকের একটি আলোকচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজধানী সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়াও বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
গ্রেটার নয়ডায় আয়োজিত উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ যোগ দেওয়ার ঠিক পরদিনই মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শুক্রবার গ্রেটার নয়ডার ওই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একসঙ্গে অংশ নেন। মেলা চলাকালীন রাশিয়া, ভিয়েতনাম, বেলারুশ, জাপান, সিঙ্গাপুর-সহ একাধিক সহযোগী দেশের প্রতিনিধি ও শিল্পপতিদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উত্তর প্রদেশে প্রতিরক্ষা, ফার্মাসিউটিক্যালস, বিমান চলাচল, চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকরণ, কৃষি এবং উৎপাদন শিল্পে বিপুল বিনিয়োগ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলিকে আহ্বান জানান তিনি। বাণিজ্য মেলার মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর প্রদেশের উন্নত শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেন এবং রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভাবনীয় উন্নতির সম্পূর্ণ কৃতিত্ব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনকে দেন। সেই সফল আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন শেষ হওয়ার পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই মুখোমুখি বৈঠক রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন ও শিল্প বিনিয়োগের নিরিখে অত্যন্ত ইতিবাচক বলে মনে করা হচ্ছে।









