গুয়াহাটি: পারিবারিক বিবাদে মধ্যস্থতা বা আপস-মীমাংসার প্রক্রিয়া সব ক্ষেত্রে সমাধান হতে পারে না, বিশেষ করে যেখানে মহিলারা শারীরিক হিংসা, জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ বা তীব্র ক্ষমতার ভারসাম্যহীনতার শিকার হন, সেখানে এই ধরনের মধ্যস্থতা তাঁদের জন্য আরও ক্ষতিকারক এবং বিপজ্জনক প্রমাণিত হতে পারে বলে সতর্ক করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্না। শনিবার গুয়াহাটিতে সুপ্রিম কোর্ট কমিটি ফর ফ্যামিলি কোর্ট ম্যাটার্স আয়োজিত এক আঞ্চলিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি সাফ জানান, মধ্যস্থতা কখনোই মূল বিচারব্যবস্থার বিকল্প হতে পারে না এবং একটি সমঝোতায় পৌঁছনোর ক্ষেত্রে একজন মহিলার দরকষাকষির অবস্থান তাঁর আইনি অধিকারের সমান মর্যাদাপূর্ণ হওয়া উচিত। আগামী বছর সেপ্টেম্বরে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলা বিচারপতি নাগরত্না বলেন, “পারিবারিক বিবাদে এডিআর বনাম বিচার প্রক্রিয়া”-র ক্ষেত্রে বিষয়টিকে মহিলাদের দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে। মধ্যস্থতা দ্রুত নিষ্পত্তি, গোপনীয়তা রক্ষা এবং স্ত্রীধন ফেরত, সন্তানের স্কুলের খরচ বা এককালীন অর্থপ্রাপ্তির মতো বিষয়ে মহিলাকে স্বাধীনতা দেয় ঠিকই, কিন্তু “যেখানে হিংসা, বলপ্রয়োগমূলক নিয়ন্ত্রণ বা ক্ষমতার সুস্পষ্ট বৈষম্য রয়েছে, সেখানে এর কোনোটিই প্রযোজ্য নয়। এমন ক্ষেত্রে মধ্যস্থতা কেবল যে অনুপযুক্ত তাই নয়, বরং মারাত্মক ক্ষতিকারক বা বিপজ্জনক হতে পারে এবং এটি মহিলাকে মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলতে পারে।”
পারিবারিক আদালতের বর্তমান কার্যপদ্ধতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারপতি নাগরত্না মন্তব্য করেন, পারিবারিক আদালতগুলি কখনোই সংঘাতমূলক মামলা মোকদ্দমার ক্ষেত্র হিসেবে তৈরি করা হয়নি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলি আজ কেবল নাম বদল করে সাধারণ দেওয়ানি আদালতের মতোই কাজ করছে। আদালতে জমে থাকা বিপুল মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো পক্ষই বছরের পর বছর ধরে মামলা চালাতে চায় না, প্রত্যেকেই দ্রুত নিষ্পত্তি প্রত্যাশা করে। বর্তমান মধ্যস্থতা পদ্ধতির ফাঁকফোকর তুলে ধরে তিনি বিশেষ করে সন্তানের হেফাজত ও দেখাশোনার অধিকারের ক্ষেত্রে শুধুমাত্র ‘কাস্টডি ডিক্রি’ বা আইনি আদেশের দিকে না ঝুঁকে ‘মিডিয়েটেড প্যারেন্টিং প্ল্যান’ বা যৌথ অভিভাবকত্ব পরিকল্পনার ওপর জোর দেন। এ জন্য প্রক্রিয়া শুরুর পর রিপোর্ট চাওয়ার বদলে শুরু থেকেই একজন যোগ্যতাসম্পন্ন শিশু মনস্তত্ত্ববিদকে মধ্যস্থতা দলের সঙ্গে যুক্ত রাখার প্রস্তাব দেন তিনি।
সন্তানদের মতামতকে প্রাধান্য দিয়ে মধ্যস্থতার পক্ষে জোরালো সওয়াল করে বিচারপতি বলেন, “অভিজ্ঞতায় দেখা যায় যে হেফাজত সংক্রান্ত বিরোধে প্রতিটি পক্ষের আইনজীবী কেবল অন্য অভিভাবককে অযোগ্য প্রমাণ করতেই ব্যস্ত থাকেন। এর চেয়ে কি পারস্পরিক মধ্যস্থতায় তৈরি প্যারেন্টিং প্ল্যান অনেক ভালো হাতিয়ার নয়?” তিনি স্পষ্ট জানান, সন্তানের কল্যাণই সবার উপরে এবং পিতামাতার অধিকার তার অধীন। এই নীতিকে কার্যকর করতে দেশের প্রায় ৮২০টি পারিবারিক আদালতে বার্ষিক চুক্তির বদলে স্থায়ীভাবে যোগ্য কাউন্সেলিং ও মিডিয়েশন ইউনিট গঠন করা দরকার, যেখানে মনস্তত্ত্ববিদ এবং সমাজকর্মীরা স্থায়ী পদে নিযুক্ত থাকবেন। পাশাপাশি দূরবর্তী শুনানি ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনলাইন মধ্যস্থতার সুবিধার কথাও বলেন তিনি।
বয়স্কদের অধিকার সুরক্ষাতেও বিশেষ প্রস্তাব তুলে ধরেন সুপ্রিম কোর্টের এই বর্ষীয়ান বিচারপতি। তিনি জানান, ‘মেন্টেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেনস অ্যাক্ট, ২০০৭’-এর অধীন মামলাগুলির ক্ষেত্রে প্রতিটি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে প্রবীণদের সমস্যা ও নির্ভরতার বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষিত ব্যক্তিদের নিয়ে একটি পৃথক জ্যারিয়াট্রিক মিডিয়েশন প্যানেল গঠন করতে হবে এবং আইন অনুসারে এই মধ্যস্থতা প্রক্রিয়া সর্বোচ্চ ৯০ দিনের সময়সীমার মধ্যেই শেষ করতে হবে। গুয়াহাটিতে আয়োজিত এই দু’দিনের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলনে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার পাশাপাশি কলকাতা, ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয়, ওড়িশা, পাটনা, সিকিম ও ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতিরা উপস্থিত ছিলেন।









