ভারতের ফুটবলের মহোৎসবে পঙ্কজ ত্রিপাঠী, সোনি স্পোর্টস নেটওয়ার্কের নতুন ক্যাম্পেন ‘ইন্ডিয়া কি সবসে বড়ি পার্টি’

মুম্বই: ভারতীয় ফুটবলের এক অভূতপূর্ব ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করতে আসরে নামলেন দেশের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাধর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের মতো বিশ্বমঞ্চের শক্তিশালী দলগুলির বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের আসন্ন মেগা আন্তর্জাতিক ম্যাচগুলিকে ঘিরে ‘ইন্ডিয়া কি সবসে বড়ি পার্টি’ শীর্ষক এক অভিনব ক্যাম্পেন শুরু করেছে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক উইন্ডোকে কেন্দ্র করে তৈরি ৬৫ সেকেন্ডের একটি বিশেষ প্রচারমূলক ছবির মাধ্যমে গোটা দেশকে ফুটবলের এই মেগা পার্টিতে শামিল হওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন অভিনেতা। তাঁর নিজস্ব রসবোধ, আন্তরিকতা ও অনবদ্য চিত্রনাট্যের বুননে তৈরি এই বিজ্ঞাপনের শুরুতেই আগামী ৩ অক্টোবরের এক জমকালো পার্টি নিয়ে এক রহস্যময় আমন্ত্রণ রাখা হয়েছে, যেখানে ধীরে ধীরে স্পষ্ট হয় যে কলকাতার মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ভারত। কলকাতা যুবভারতীতে ভারত-ব্রাজিল দ্বৈরথ এই প্রচারের মূল কেন্দ্রবিন্দু হলেও ২৫ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে ম্যাচ, ৩ অক্টোবর ব্রাজিল ম্যাচ এবং ৬ অক্টোবর দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে লড়াই—গোটা আন্তর্জাতিক উইন্ডোকেই ভারতীয় ফুটবলের এক মহা উদযাপন হিসেবে তুলে ধরা হচ্ছে।

পঙ্কজ ত্রিপাঠীর নিজস্ব গল্প বলার শৈলীর সঙ্গে বিশ্বমানের ফুটবলের আবেগ ও শক্তিকে মিলিয়ে তৈরি এই ৬৫ সেকেন্ডের প্রচারমূলক ছবিটি হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় একযোগে সম্প্রচারিত হচ্ছে। সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি আট এবং ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ-এ সরাসরি ও একচেটিয়াভাবে ম্যাচগুলি উপভোগ করতে পারবেন দর্শকেরা। এই প্রচার অভিযান প্রসঙ্গে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার চিফ রেভিনিউ অফিসার এবং বিজনেস হেড (স্পোর্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল) রাজেশ কৌল জানিয়েছেন, “পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ভারতের এই লড়াই দেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইলফলক এবং আমরা এমন একটি ক্যাম্পেন গড়তে চেয়েছিলাম যা এই ম্যাচগুলির গুরুত্ব ও উত্তেজনার সঙ্গে পুরোপুরি মানানসই। পঙ্কজ ত্রিপাঠীর সার্বজনীন গ্রহণযোগ্যতা, সত্যনিষ্ঠ ভাবমূর্তি এবং দর্শকদের সঙ্গে সহজে মিশে যাওয়ার স্বাভাবিক ক্ষমতাই তাঁকে এই উদযাপনে গোটা দেশকে আমন্ত্রণ জানানোর জন্য আদর্শ করে তুলেছে। বিনোদন ও ক্রীড়াজগতের মেলবন্ধনে তৈরি এই প্রচারের লক্ষ্য ফুটবলের নিয়মিত দর্শকদের গণ্ডি পেরিয়ে এই ঐতিহাসিক ম্যাচগুলিকে একটি যৌথ জাতীয় উৎসবে পরিণত করা।”

অন্যদিকে, দু’বারের জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী এই ক্যাম্পেনের অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করে বলেন, “মানুষকে একসূত্রে বাঁধার এক অনন্য শক্তি রয়েছে ফুটবলের মধ্যে। এই ম্যাচগুলিকে ঘিরে যে উন্মাদনা, আবেগ ও শক্তির বহিঃপ্রকাশ ঘটছে, তা সত্যিই অত্যন্ত সংক্রামক। ‘ইন্ডিয়া কি সবসে বড়ি পার্টি’-র মাধ্যমে আমরা সেই ফুটবল প্যাশনকে বিনোদনমূলক, প্রাঞ্জল ও আনন্দের আবহে উদযাপন করার চেষ্টা করেছি। এই প্রচারের অংশ হতে পেরে আমার দারুণ অনুভূতি হয়েছে এবং আমি আশা করব, বিশ্বের তিনটি শক্তিশালী ফুটবল শক্তির বিরুদ্ধে ভারতের এই লড়াইয়ের মুহূর্তে দেশের প্রতিটি প্রান্তের সমর্থকরা এই উদযাপনে স্বতঃস্ফূর্তভাবে শামিল হবেন।” মূল প্রচারমূলক ছবির পাশাপাশি সোনি নেটওয়ার্ক ‘ইন্ডিয়া কি সবসে বড়ি পার্টি এক্স ফ্যান এডিশন’ নামের একটি সিরিজও নিয়ে আসছে, যেখানে ভারতের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের আঞ্চলিক ভাষায় উন্মাদনা ধরা পড়বে। এ ছাড়া ভারতীয় অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু-সহ জাতীয় ফুটবলারদের সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীর এক মজাদার আড্ডার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় আরও ব্যাপক প্রচার চালাতে প্রস্তুত সম্প্রচারকারী সংস্থা।

Leave a Comment

আরও পড়ুন