ঝাড়গ্রাম: নিম্নচাপের জেরে গত কয়েকদিনের একটানা ভারী বৃষ্টিতে বিপজ্জনকভাবে বাড়তে শুরু করেছে সুবর্ণরেখা নদীর জলস্তর। নদীর জল বাড়তেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের মহাপাল এলাকায় দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। প্রবল জলস্রোত ও বৃষ্টির কারণে নদীর পাড়ের মাটি আলগা ও নরম হয়ে যাওয়ায় ভাঙনের তীব্রতা ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, মহাপাল থেকে ভক্তাপাঠ যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল রাস্তার ধারে সুবর্ণরেখা নদীর পাড়ের প্রায় ৫০ থেকে ৬০ মিটার অংশ ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গিয়েছে। নদীর জলস্তর যেভাবে বাড়ছে, তাতে এই ভাঙন অচিরেই আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একটানা বৃষ্টির জেরে সুবর্ণরেখা ফুঁসছে এবং নরম মাটির পাড় ধসে পড়ছে। এই ভাঙনের বিস্তার আরও বাড়লে একদিকে যেমন মূল পিচ রাস্তার অস্তিত্ব বিপন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার উপক্রম হবে, তেমনই নদীর জল সরাসরি জনবসতিতে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মহাপাল এবং তার আশপাশের বহু গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তার ওপর নির্ভর করে যাতায়াত করেন। এই পথ ধরেই এলাকার বাজার, স্কুল এবং ব্যাংক-সহ বিভিন্ন জরুরি পরিষেবায় পৌঁছতে হয় সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের। ফলে রাস্তাটির ক্ষতি হলে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সাধারণ গ্রামবাসীদের পাশাপাশি স্কুল পড়ুয়াদেরও চরম দুর্ভোগের মুখে পড়তে হবে। বর্তমান সংকটজনক পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগেই ভাঙনকবলিত বিপজ্জনক অংশে বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। তবে অস্থায়ী এই ব্যবস্থার বদলে বড়সড় বিপর্যয় এড়াতে দ্রুত সরকারি উদ্যোগে নদীর পাড় সংস্কার এবং স্থায়ীভাবে রাস্তা মেরামতের জোরালো দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।









