নয়াদিল্লি: রিয়েল এস্টেট সেলস পেশাদার যুবরাজ সিং মাঞ্চন্দার হত্যাকাণ্ডে দেহ উদ্ধার এবং তার সৎকারের ক্ষেত্রে একাধিক মৌলিক আইনি প্রক্রিয়া লঙ্ঘন করায় গুরুগ্রাম পুলিশকে তীব্র ভর্ৎসনা করল দিল্লির একটি আদালত। শনিবার প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট রাহুল জৈন পুরো ঘটনাপ্রবাহকে ‘চরম উদ্বেগজনক পরিস্থিতি’ বলে আখ্যা দেন। আদালত ক্ষোভ প্রকাশ করে জানায়, পুলিশের এই গাফিলতি নিহতের পরিবারের কাছ থেকে তাঁদের সন্তানকে শেষ বিদায় ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধারের পর নিয়ম অনুযায়ী নিকটবর্তী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা মহকুমা শাসককে ইনকোয়েস্ট প্রক্রিয়ার বিষয়ে অবহিত না করা, লাপাপাতা ও অজ্ঞাতপরিচয় দেহের তথ্য আদানপ্রদানের কেন্দ্রীয় পোর্টাল ‘জিপনেট’-এ তথ্য আপলোড না করা এবং সুরতহাল ও ময়নাতদন্তের যাবতীয় বিধিভঙ্গ নিয়ে আদালতে উপস্থিত গুরুগ্রাম পুলিশের বাদশাপুর থানার আধিকারিককে রীতিমতো কাঠগড়ায় তোলে আদালত।
নিহতের বোন হরসিমরনের পক্ষে প্রবীণ আইনজীবী অমিত প্রসাদ আদালতে আবেদন জানান যাতে যুবরাজের মৃত্যু সংক্রান্ত সমস্ত নথি এবং ডিজিটাল তথ্যপ্রমাণ অবিলম্বে সংরক্ষণ ও আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। শুনানিতে আইনজীবী আদালতকে জানান, শ্মশানঘাট থেকে যুবরাজের পোড়া হাতঘড়ি ও লোহার কড়া উদ্ধার হয়েছে। এই তথ্যে তীব্র উষ্মা প্রকাশ করে বিচারক প্রশ্ন করেন, “জিনিসপত্র সমেত একটি মৃতদেহ কী করে দাহ করা হতে পারে? কী করে আইনের সম্পূর্ণ অবমাননা করা হলো?” শুধু তাই নয়, ময়নাতদন্ত প্রক্রিয়ার কোনও ভিডিওগ্রাফি না থাকা এবং দুটি ভিন্ন ময়নাতদন্ত রিপোর্টের পারস্পরিক অসঙ্গতি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত। দেখা যায়, একটি রিপোর্টে গুলির আঘাতের উল্লেখ রয়েছে এবং অন্যটিতে মৃত্যুর কারণ হিসেবে জলে ডুবে শ্বাসরোধের কথা বলা হয়েছে। এমনকি ময়নাতদন্তের পর ভিসেরা পর্যন্ত সংরক্ষণ করা হয়নি। আদালতের প্রশ্নের মুখে উপস্থিত পুলিশ আধিকারিক কোনো সদুত্তর দিতে না পারায় বিচারক মন্তব্য করেন, “অভিযোগকারী কেবল তাঁর ভাইকে হারাননি, আপনারা সেই পরিবারের হাত থেকে মর্যাদার সঙ্গে শেষকৃত্য করার ধর্মীয় অধিকারটুকুও ছিনিয়ে নিয়েছেন।”
আইনজীবী প্রসাদ সরাসরি অভিযোগ তোলেন যে পুলিশের এই ভূমিকা নিছক গাফিলতি নয়, বরং অপরাধীদের বাঁচানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা। দিল্লি পুলিশের বয়ান অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর লাজপত নগর মার্কেটে বোনেদের নামিয়ে দিয়ে গুরুগ্রামে একটি মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন যুবরাজ। অভিযোগ, ওই রাতেই তাঁর প্রাক্তন সহকর্মী আন্যা ভাতস এবং তার সঙ্গী সংষম সচদেব মিলে যুবরাজকে খুন করে। এরপর তারা দু’দিন ধরে যুবরাজের দেহ গাড়িতে নিয়ে ঘুরে বেড়ায় এবং ৮ সেপ্টেম্বর একটি নর্দমায় ফেলে দেয়। গুরুগ্রাম পুলিশ ১০ সেপ্টেম্বর দেহ উদ্ধার করে। এদিকে পরিবারের কাছে যুবরাজের মোবাইল থেকে ভুয়ো বার্তা পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছিল বলে তারা ১১ সেপ্টেম্বর লাজপত নগর থানায় নিখোঁজ ডায়েরি করে। অবশেষে ১৬ সেপ্টেম্বর উত্তরাখণ্ডের ক্যাঁচি ধাম থেকে অভিযুক্ত দু’জনকে গ্রেফতারের পর খুনের কথা স্বীকার করলে দিল্লি পুলিশ গুরুগ্রামের সঙ্গে যোগাযোগ করে। তবে অভিযোগ, তার আগেই ১৪ সেপ্টেম্বর লাজপত নগরে নিখোঁজের এফআইআর থাকা সত্ত্বেও বাদশাপুর পুলিশ তড়িঘড়ি যুবরাজের দেহটি অজ্ঞাতপরিচয় হিসেবে দাহ করে দেয় এবং ১৬ সেপ্টেম্বরের আগে জিপনেটে দেহের ছবি বা তথ্য পর্যন্ত দেয়নি। সব পক্ষের বক্তব্য শুনে এই মামলায় আদেশের সিদ্ধান্ত সংরক্ষিত রেখেছে আদালত।









