বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ক্যাপটিভ কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলিকে সর্বোচ্চ উৎপাদনের নির্দেশ কেন্দ্রের

সুনীপম মহাকুল : আগামী মাসগুলোতে দেশজুড়ে বিদ্যুতের সম্ভাব্য বিপুল চাহিদা সামাল দিতে ১০০টিরও বেশি ক্যাপটিভ কয়লা-ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রকে পূর্ণ ক্ষমতায় চালু রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। আগামী ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। বিদ্যুৎ আইনের জরুরি ধারার অধীনে জারি করা এই নির্দেশ কার্যকর হবে অন্তত ৫০ মেগাওয়াট বা তার বেশি উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রগুলির ক্ষেত্রে। সংবাদ সংস্থা রয়টার্সের দেখা গত ২৫ সেপ্টেম্বরের সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, আসন্ন মাসগুলোতে বিদ্যুতের যে চাহিদা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে, তা সুচারুভাবে মেটাতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের চাহিদা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। যার জেরে দেশের প্রায় ৪০ শতাংশ কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেই জ্বালানির মজুত বিপজ্জনক স্তরে নেমে এসেছে। এই পরিস্থিতিতে অ্যালুমিনিয়াম স্মেল্টার, ইস্পাত কারখানা, সিমেন্ট প্ল্যান্ট ও তেল শোধনাগারের মতো ভারী শিল্পে নিজস্ব ব্যবহারের জন্য বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলিকে সর্বোচ্চ উৎপাদনে জোর দিতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের নিজস্ব প্রয়োজন মেটানোর পর যে উদ্বৃত্ত বিদ্যুৎ থাকবে, তা পাওয়ার এক্সচেঞ্জের মাধ্যমে জাতীয় গ্রিডে বিক্রির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ মন্ত্রক। সরকারের এই সিদ্ধান্তের আওতায় এসেছে মোট ১১২টি প্ল্যান্ট, যার মধ্যে রয়েছে বেদান্ত, টাটা স্টিল, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, জেএসডব্লিউ স্টিল, আল্ট্রাটেক সিমেন্ট, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান অয়েল, ভারত অ্যালুমিনিয়াম, হিন্দুস্তান জিংক ও নায়ার এনার্জির মতো দেশের প্রথম সারির শিল্পগোষ্ঠী।

বিদ্যুৎ উৎপাদনের এই পুরো প্রক্রিয়ার ওপর কঠোর নজরদারি চালাতে প্রতিটি কেন্দ্রকে প্রতি সপ্তাহে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির (সিইএ) কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রিপোর্টে মোট উৎপাদন, নিজস্ব ব্যবহার, বিদ্যুৎ বিক্রি, উপলব্ধ উৎপাদন ক্ষমতা এবং কয়লার মজুতের হিসাব উল্লেখ করতে হবে। এর পাশাপাশি চাহিদার পরিস্থিতির কথা মাথায় রেখে গুজরাটের মুন্দ্রায় অবস্থিত টাটা পাওয়ারের আমদানি করা কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে পূর্বে জারি করা জরুরি নির্দেশিকার মেয়াদও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, বিদ্যুৎ আইনের ১১ নম্বর ধারা সরকারকে যেকোনো বিশেষ ও জরুরি পরিস্থিতিতে দেশের বিদ্যুৎ স্টেশনগুলিকে সরকারি নির্দেশিকা মেনে পরিচালনা করার আইনি ক্ষমতা প্রদান করে, যা প্রয়োগ করেই এই পদক্ষেপ করেছে কেন্দ্র।

Leave a Comment

আরও পড়ুন