ব্যক্তিগত আইনে বিয়ে ফৌজদারি দায় থেকে রেহাই দিতে পারে না, নাবালিকা স্ত্রীর ক্ষেত্রে পকসো বহাল রাখল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: ব্যক্তিগত আইনের অজুহাত দেখিয়ে কোনো ব্যক্তি দেশের ফৌজদারি দণ্ডবিধির আওতাভুক্ত অপরাধের দায় থেকে নিষ্কৃতি পেতে পারে না বলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় দিল দিল্লি হাইকোর্ট। নাবালিকা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলার প্রেক্ষিতে বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, পার্লামেন্ট প্রণীত ধর্মনিরপেক্ষ আইনের ঊর্ধ্বে পার্সোনাল ল’ বা ব্যক্তিগত আইন স্থান পেতে পারে না। ২৩ সেপ্টেম্বর প্রদত্ত ও শনিবার প্রকাশ্যে আসা এই রায়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে চলা মামলা খারিজ করার আর্জি নাকচ করে তাঁকে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, বিয়ের সময় তরুণীর বয়স ছিল ১৬ বছর এবং যুবকের বয়স ছিল ২৮ বছর। চলতি ২০২৬ সালে ওই তরুণী যখন আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে উপস্থিত হন, তখন তাঁর নাবালিকা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। যেহেতু দেশের আইনে অপ্রাপ্তবয়স্কের সম্মতির কোনও আইনি বৈধতা নেই, তাই ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ধারা ৬৩ ও ৬৪ এবং পকসো আইনের ধারা ৬ (গুরুতর যৌন নির্যাতন)-এর অধীনে যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এর বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা যৌথ পিটিশনে ওই দম্পতি দাবি করেন, পরিবারের সম্মতিতেই মুসলিম পার্সোনাল ল’ অনুযায়ী তাঁদের বিয়ে বৈধভাবে সম্পন্ন হয়েছে এবং তরুণী বয়ঃসন্ধিতে পৌঁছে বিয়েতে স্বেচ্ছায় রাজি ছিলেন। ফলে তাঁদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কোনো অপরাধের দায় বর্তায় না বলে এফআইআর খারিজের আর্জি জানান তাঁরা।

২৩ পাতার রায়ে আদালত স্পষ্ট জানায়, “মুসলিম পার্সোনাল ল’ অনুযায়ী বিয়ে বৈধ বলে দাবি করলেও, শুধু সেই মর্যাদার কারণে কোনো অভিযুক্ত তৎকালে ১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে শারীরিক মিলনের জন্য পকসো বা বিএনএস-এর দায় থেকে রেহাই পেতে পারে না। বিয়ের মাধ্যমে সম্পত্তির অধিকার, খোরপোশ কিংবা সামাজিক বৈধতার মতো দেওয়ানি দিক নির্ধারিত হতে পারে; কিন্তু তা ধর্মনিরপেক্ষ দণ্ডবিধিতে নিষিদ্ধ কোনো অপরাধমূলক আচরণকে কোনোভাবেই দায়মুক্ত করতে পারে না। বিয়ের ফলে কোনো শিশুর বয়স এগিয়ে যায় না। অনুষ্ঠানের পূর্বে যে ১৬ বছরের ছিল, পরেও সে ১৬ বছরেরই থাকে। পকসো এবং বিএনএস-এর ৬৩ নম্বর ধারায় শারীরিক সম্পর্কের সম্মতির আইনি ক্ষমতার ক্ষেত্রে এই বয়সের সত্যতাই চূড়ান্ত।”

আদালত আরও পর্যবেক্ষণ করেছে যে, পকসো আইন যৌন সম্পর্কের সম্মতির বয়স ১৮ বছর নির্দিষ্ট করেছে এবং বিএনএস-ও একই বয়সসীমা ধার্য করে ১৮ বছরের নিচে দাম্পত্য ব্যতিক্রম বা মারিটাল এক্সেপশন বাতিল করেছে। পাশাপাশি ২০০৬ সালের বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইনেও ১৮ বছরের কম বয়সী মেয়েদের শিশু হিসেবে সংজ্ঞায়িত করে প্রাপ্তবয়স্ক পুরুষের শিশুবিবাহকে দণ্ডনীয় করা হয়েছে। ফলে আইনসভা নির্ধারিত ১৮ বছরের সীমাকে পাশ কাটিয়ে কোনোভাবেই ‘বয়ঃসন্ধি’ বা নাবালিকার তথাকথিত পরিপক্বতার যুক্তি গ্রহণ করা সম্ভব নয়। ব্যক্তিগত আইনের দোহাই দিয়ে যদি এমন দায়মুক্তি দেওয়া হয়, তবে তা সমগ্র পকসো কাঠামোর মূল উদ্দেশ্যকেই ধ্বংস করে দেবে বলে স্পষ্ট জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

Leave a Comment

আরও পড়ুন