যোগব্যায়ামের অছিলায় ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে, ঝাড়গ্রামের স্কুলে ধুন্ধুমার

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: যোগব্যায়াম শেখানোর নামে বিদ্যালয়ের নাবালিকা ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়াল ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকায়। গোপীবল্লভপুর-২ ব্লকের চোরচিতা চোরেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অরূপকুমার নায়েকের বিরুদ্ধে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির একাধিক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন ধরে ওই শিক্ষকের লালসার শিকার হয়ে ভয়ে ছাত্রীরা মুখ বুজে থাকলেও, সম্প্রতি বিষয়টি পরিবারের কানে পৌঁছয়। ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধেও অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে বুধবার স্কুল চত্বরে তুমুল বিক্ষোভ দেখান ক্ষুব্ধ অভিভাবক ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে বেলিয়াবেড়া থানার পুলিশ।

অভিভাবক ও এক নির্যাতিতা ছাত্রীর দাদুর অভিযোগ, দীর্ঘদিন ধরেই একাধিক ক্লাসের নাবালিকাদের উপর শারীরিক হেনস্থা চালাচ্ছিলেন ওই ক্রীড়া শিক্ষক এবং ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ রাখা হয়েছিল। বিষয়টি প্রধান শিক্ষক অন্তর্যামী রানার নজরে আনা হলেও তিনি কোনও পদক্ষেপ না করে উল্টে তাঁদের চেপে যেতে বলেন বলে অভিযোগ। বুধবার স্কুলে শিক্ষককে ঘিরে অভিভাবকেরা কৈফিয়ত চাইতে শুরু করলে তুমুল উত্তেজনা ছড়ায়। বিদ্যালয়ের এক নাবালিকা ছাত্রীর দাদু জানান, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার রাতেই তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা স্পষ্ট করেছেন যে যোগ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অনুচিত স্পর্শের অভিযোগ সামনে এসেছে। পরিবারের তরফে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পেলেই মামলা রুজু করে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment

আরও পড়ুন