নয়াদিল্লি, ৬ অক্টোবর: বিশ্বমঞ্চে বাণিজ্য এবং প্রযুক্তির যৌথ হাত মেলানোর বার্তা নিয়ে মার্কিন মুলুকে ব্যস্ত সময় পার করছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। জ়ি-টোয়েন্টি বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে একাধিক শীর্ষস্থানীয় বহুজাতিক সংস্থার প্রধানদের সঙ্গে আলাদা বৈঠকে বসলেন তিনি। প্রযুক্তি, বিমা এবং আর্থিক পরিষেবা ক্ষেত্রে ভারতে বিপুল লগ্নির সুযোগ তুলে ধরাই ছিল এই আলোচনার কেন্দ্রবিন্দু।
আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম-এর চেয়ারম্যান অরবিন্দ কৃষ্ণের সঙ্গে বৈঠকে কৃত্রিম মেধা, ক্লাউড পরিকাঠামো এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ভবিষ্যৎ প্রযুক্তির প্রসার নিয়ে আলোচনা করেন মন্ত্রী। ভারতের বিপুল মেধা ও ডিজিটাল পরিকাঠামোকে কাজে লাগিয়ে গোটা বিশ্বের উপযোগী উদ্ভাবন তৈরির ওপর জোর দেন তিনি।
প্রযুক্তি ছাড়াও বিমা ক্ষেত্রে বিদেশি পুঁজি টানতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। এআইএ গ্রুপের চেয়ারম্যান মার্ক টাকার এবং মেটলাইফের সিইও মিশেল খলফের সঙ্গে পৃথক বৈঠকে আলোচনা চালান কেন্দ্রীয় মন্ত্রী। ২০৪৭ সালের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের কাছে বিমা পৌঁছে দেওয়ার যে জাতীয় লক্ষ্যমাত্রা রয়েছে, সেখানে বিদেশি সংস্থাগুলির অংশগ্রহণ জরুরি বলে মত প্রকাশ করেন তিনি। এ ছাড়া আন্তর্জাতিক ইকুইটি সংস্থা জেনারেল আটলান্টিকের শীর্ষকর্তা উইলিয়াম ফোর্ডের সঙ্গেও ভারতীয় অর্থনীতিতে মূলধনী বিনিয়োগ বাড়ানো নিয়ে ইতিবাচক বার্তা বিনিময় হয়েছে।









