এশিয়ান গেমসে ভারতীয় দলের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, তৃণমূল স্তরে খেলাধুলোর প্রসারে আশাবাদী

নয়াদিল্লি: আইচি-নাগোয়ায় সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে ভারতীয় প্রতিযোগীদের দুর্দান্ত সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রতিযোগিতায় ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ-সহ মোট ৮৫টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে ভারত, যা এশিয়ান গেমসের ইতিহাসে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য। সমাজমাধ্যমে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, “২০২৬ সালের এশিয়ান গেমসের সমাপ্তিলগ্নে, আমাদের দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় দলের প্রতিটি সদস্যের দৃঢ় সংকল্প, আবেগ এবং অসামান্য খেলোয়াড়সুলভ মনোভাবকে আমি কুর্নিশ জানাই।” পদকজয়ীদের অসামান্য পারফরম্যান্স দেশকে বিপুল আনন্দ দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের সমস্ত পদকজয়ীকে অভিনন্দন। আগামী বছরগুলিতে এই গেমস আরও বৃহত্তর সাফল্যে অনুপ্রেরণা জোগাবে এবং তৃণমূল স্তরেও খেলাধুলোকে শক্তিশালী করতে অবদান রাখবে বলে আমি আশাবাদী।” এবারের গেমসে দলগত ও ব্যক্তিগত— উভয় ক্ষেত্রেই ঐতিহাসিক সাফল্য পেয়েছে ভারত। ক্রিকেট ও কবাডিতে পুরুষ এবং মহিলা উভয় দলই সোনা জিতেছে। মালয়েশিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়ে পুরুষ হকি দল তাদের খেতাব ধরে রেখেছে এবং আয়োজক চীনকে ১-০ গোলে হারিয়ে ৪৪ বছরের খরা কাটিয়ে সোনা ছিনিয়ে নিয়েছে মহিলা হকি দল। পাশাপাশি ব্যক্তিগত স্তরেও ইতিহাস গড়েছেন ভারতীয় মহিলারা। গলফে প্রণবী উরস এবং আর্চারিতে ১৭ বছর বয়সি কুমকুম মোহোদ প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন। মেরি কমের পর মাত্র দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসেবে সোনা জিতেছেন লভলিনা বোরগোহাইন। এবারের আসরে অ্যাথলেটিক্স থেকে সর্বাধিক ২৪টি এবং শ্যুটিং থেকে ১৫টি পদক এসেছে, তবে ৫টি সোনা জিতে ভারতের সবচেয়ে সফল ক্রীড়াক্ষেত্র হিসেবে উঠে এসেছে আর্চারি। প্রধানমন্ত্রীর আশা, জাপানের মাটিতে অ্যাথলিটদের এই অবিস্মরণীয় লড়াই আগামী দিনে দেশের আনাচেকানাচে নতুন প্রতিভাদের খেলাধুলোয় উদ্বুদ্ধ করবে।

Leave a Comment

আরও পড়ুন