নয়াদিল্লি: ভারতীয় বাজারে তীব্র প্রতিযোগিতা এবং অভ্যন্তরীণ মতপার্থক্যের জেরে নিজেদের ব্যবসায়িক কৌশল পুরোপুরি ঢেলে সাজাতে বাধ্য হচ্ছে জাপানি গাড়ি নির্মাতা সংস্থা হোন্ডা। স্থানীয় বাজারে খরচ প্রায় কুড়ি শতাংশ কমানো এবং গাড়ি তৈরির সময় পাঁচ বছর থেকে কমিয়ে অর্ধেকে নামিয়ে আনতে ভারতীয় প্রকৌশল সংস্থা টাটা টেকনোলজিসের সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করেছে তারা। নিজস্ব প্রযুক্তিতে একা চলার দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে ভারতীয় ক্রেতাদের পছন্দের সঙ্গে তাল মিলিয়ে সাশ্রয়ী গাড়ি তৈরি করাই এখন সংস্থাটির মূল লক্ষ্য।
বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় প্রত্যাশিত ক্ষতির মুখে পড়ে সংস্থাটি বর্তমানে খরচ কমানোর দিকে বিশেষ নজর দিচ্ছে। সরবরাহকারীদের যন্ত্রাংশের দাম ব্যাপকভাবে কমানোর বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভারতে ভবিষ্যৎ গাড়িগুলির জন্য যন্ত্রাংশ কোথা থেকে নেওয়া হবে, তা নিয়ে হোন্ডার জাপানি ও ভারতীয় আধিকারিকদের মধ্যে দীর্ঘদিন ধরে মতপার্থক্য চলছিল। জাপানি কর্তারা পণ্যের ধারাবাহিক মান বজায় রাখতে আন্তর্জাতিক সরবরাহকারীদের ওপর ভরসা রাখতে চাইছিলেন, অন্যদিকে ভারতীয় দলটির মত ছিল স্থানীয় সরবরাহকারীদের কাজে লাগিয়ে খরচ ও সময় কমানো। এই টানাপড়েন কাটাতে এবং ভারতীয় বাজারের চাহিদা অনুযায়ী সঠিক গাড়ি নকশা করতে টাটা গোষ্ঠীর সহযোগী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এক দশক আগেও ভারতে হোন্ডার বাজার অংশীদারি ছিল সাত শতাংশেরও বেশি, যা বর্তমানে কমে মাত্র এক দশমিক তিন শতাংশে নেমে এসেছে। ভারতীয় গাড়ি বাজারে এসইউভি বা বড় গাড়ির বিপুল চাহিদা থাকা সত্ত্বেও সেখানে হোন্ডার উপস্থিতি ছিল নামমাত্র। অতীতের বহু বৈশ্বিক মডেলকে ভারতের রাস্তায় নামাতে গিয়ে অতিরিক্ত প্রযুক্তিনির্ভর ও বেশি দামি হয়ে পড়ার যে সমস্যা দেখা দিয়েছিল, এবার তা শুধরে নেওয়ার চেষ্টা চলছে।
টাটা টেকনোলজিসের সঙ্গে এই অংশীদারির আওতায় চার মিটারের কম দৈর্ঘ্যের একটি ছোট এসইউভি তৈরি করা হচ্ছে, যা ২০২৮ সালের মধ্যে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এরপর একটি মাঝারি মাপের এসইউভি এবং পরবর্তীতে নতুন সেডান গাড়ি বাজারে আনা হবে। নতুন এই গাড়িগুলির প্রযুক্তি, নিরাপত্তা এবং মূল মান নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে হোন্ডা। ভারতে তৈরি প্রথম মডেলটি মান ও বিক্রির ক্ষেত্রে সফল হলে ভবিষ্যতে এ দেশ থেকেই বিদেশে গাড়ি রপ্তানির বড় পরিকল্পনা রয়েছে জাপানি এই অটোমোবাইল সংস্থার।









